যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দোকানির
তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদরে।
ঢাকার যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।
শনিবার মধ্যরাতে ঢাকা মেডিকেলে নেওয়ার খানিক বাদে ৪৫ বছর বয়সি মোহাম্মদ জনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পেশায় দোকানি জনির গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদরে। তিনি কাজলার ডেমরা রোডে ভাড়া বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে কাজলা ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার ট্রাকের ধাক্কায় আহত হন জনি। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।"
মৃতদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা রয়েছে বলে জানান তিনি।
