জুলাই অভ্যুত্থানের মামলা নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, তোপের মুখে আইনজীবী
সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ সাতজন ১০ দিনের রিমান্ডে।
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করাকে কেন্দ্র করে আদালতে হট্টগোল হয়েছে, যার জেরে আদালত থেকে বের করে দেওয়া হয় আসামিপক্ষের এক আইনজীবী।
বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটে।
গেল ৩১ অক্টোবর পল্টন মডেল থানাধীন বিজয় নগর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের সাবেক সভাপতি বরিকুল ইসলাম বাঁধনসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।
সে দিন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড এইচআর ডেভেলপমেন্ট ইউনিটের ইন্সপেক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন বাদী হয়ে পল্টন মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন।
এই মামলায় তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন ডিএমপির সিটিটিসির এসআই সাইফুল ইসলাম। তবে আদালত তাদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।
অপর ছয় আসামি হলেন-সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, ছাত্রলীগ নেতা মেজবাহুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফ, মোস্তাফিজুর রহমান জনি, যুবলীগ কর্মী শেখ রাশেদুজ্জামান ও স্বেচ্ছাসেবক লীগ কর্মী মামুন শেখ পরশ।
এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। বরিকুল ইসলাম বাঁধনের আইনজীবী হিসেবে রিমান্ড শুনানিতে অংশ নেন এ এস এম আলী হায়দার। তিনি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
শুনানির এক পর্যায়ে আইনজীবী আলী হায়দার বিচারকের উদ্দেশে বলেন, “একটা সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার পরিমাণ অনেক ছিল। এখন টাকা নিয়ে এসব মামলা প্রত্যাহার করা হচ্ছে, অনেকের নাম কাটা হচ্ছে। একটা সময় সন্ত্রাস বিরোধী আইনের মামলাও প্রত্যাহার করা হবে।”
তার এই বক্তব্যের প্রতিবাদ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমনসহ কয়েকজন। পরে আদালতে কক্ষে হট্টগোল সৃষ্টি হয়। তখন আসামির আইনজীবী আলী হায়দারকে আদালত থেকে বের করে দেওয়া হয়।
এরপর আদালত আসামিদের ১০ দিনের রিমান্ডের মঞ্জুর করে আদেশ দেয়।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, “রিমান্ড শুনানিতে এক আইনজীবী উদ্দেশ্যপ্রণোদিত হয়ে জুলাই গণঅভ্যুত্থানের মামলা নিয়ে বিতর্কিত বক্তব্য দেন।
“তিনি দাবি করেন, টাকা নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা প্রত্যাহার করা হচ্ছে। এই বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে এটার প্রতিবাদ জানিয়েছি।”
ওকালতনামায় নাম থাকা আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল জুবায়ের বলেন, “আদালতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে আমি আদালতে ছিলাম না।”
মামলার বিবরণীতে বলা হয়েছে, ৩১ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও নিষিদ্ধ সংগঠনের সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতারা ঘটনাস্থলে সমবেত হন। তারা ‘সরকার ও রাষ্ট্র বিরোধী মিছিলে অংশগ্রহণ এবং রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত ও রাষ্ট্রের সম্পত্তি বিনষ্ট করার উদ্দেশ্যে উদ্যোগ’ গ্রহণ করেন। তারা আইনশৃঙ্খলা ‘বিনষ্ট’ করার জন্য এবং বড় ধরনের ‘অঘটন’ ঘটানোর জন্য ‘রাষ্ট্র বিরোধী স্লোগান’ দেন। এছাড়া তারা সমাবেশ আয়োজনের চেষ্টা করেন।
