২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের মামলায় বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 09:58 PM

Updated : 24 Sep 2026, 10:23 PM

রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি নিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন বলে তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান।

এর আগে রাকিবুল হাসানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক এ বি এম আব্দুল্লাহ খালেদ সাকিব তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাত পৌনে ৯টার দিকে রাকিবুলকে আদালতে হাজির করা হয়। এ সময় তার মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট এবং হাতে হাতকড়া ছিল। কাঠগড়ায় নেওয়ার পর হাতকড়া বাদে সবকিছু খুলে ফেলা হয়।

শুনানি তদন্ত কর্মকর্তা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামির পক্ষে অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল করে জামিন আবেদন করে বলেন, “মানুষ দেখেছে সাতদিন পর্যন্ত তাকে ডিবি কার্যালয়ে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংবিধানে বলা আছে, গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে হাজির করতে হবে বা আদালতকে অবহিত করতে হবে। কিন্তু সেটা করা হয়নি। কোন আইনে তাকে সাতদিন আটকে রাখা হল?

“আওয়ামী কার্যক্রমে নিষিদ্ধ দল। তিনি কি আওয়ামী লীগের সাথে জড়িত, অর্থের যোগানদাতা যে এ ঘটনায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে? তিনি সরকারি চাকরিজীবী, নিষ্ঠার সাথে চাকরি করেছেন। আস্থা বিশ্বাসের সাথে চাকরি করেছেন। কখনো তার বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি। যে কথার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা অতিরঞ্জিতভাবে বলা হয়েছে। তাকে গ্রেপ্তার বা রিমান্ডে নেওয়ার মত তথ্য উপাত্ত নেই।

“যারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে তাদের যদি এভাবে গ্রেপ্তার করা হয় তাহলে জনগণের নিরাপত্তা দেবে কে? মিথ্যা অভিযোগ দিয়ে উদ্দেশ্য প্রনোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

অন্যায় করলে বিভাগীয় ব্যবস্থা নেবে এরপর বিভাগীয় মামলা হবে মন্তব্য করে এ আইনজীবী বলেন, “তা না করে সরাসরি ফৌজদারি মামলা দেওয়া হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই। রিমান্ড বাতিল করে তার জামিন প্রার্থনা করছি।”

অন্যদিকে রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে এ আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তিনিসহ অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজসে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট, সরকার পতনের ষড়যন্ত্র এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ, সরকারের প্রশাসনিক উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও বাহিনী সম্পর্কে অবজ্ঞা, বিদ্বেষ, ঘৃণা পোষণ করেছেন। তারা উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেন।”

পরে আদালত শুনানি নিয়ে রাকিবুলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের একটি অডিও ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়।

ওসির অডিও ছড়িয়ে পড়লে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। এরপর কমিটির সদস্যরা তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছে। পরে তার বিরুদ্ধে একই থানার ইন্সপেক্টর সুব্রত দেবনাথ মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের নামে একটি অডিও ভাইরাল হয়। সেই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাসহ নানা বিষয়ে রাকিবুল ইসলামের নামে ব্যক্তিকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমালোচনা করতে শোনা যায়।

ওসি রাকিবুলের নামে প্রচার করা ওই অডিওটিতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।”

ওই ব্যক্তি অডিওতে দাবি করেন, “পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, অথচ মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না।”

পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলতে শোনা যায়।

যদিও ওসি রাকিবুলের নামে ছড়িয়ে পড়া অডিওটি তারই কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।

এ অডিও নিয়ে তুমুল সমালোচনা তৈরি হলে প্রথমে রাকিবুল ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে নেয় ডিএমপি। পরে এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহের মামলায় বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পুরানো খবর:

রাষ্ট্রদ্রোহের মামলায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি গ্রেপ্তার