দুর্নীতি করলে কেবল প্রশাসনিক ব্যবস্থা নয়, মামলা হবে: আইনমন্ত্রী আসাদুজ্জামান
“যাদের মনে হবে যে চাকরির টাকায় সংসার চলে না, যাদের এই টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই। তারা ওকালতি করুক।”
দুর্নীতি করলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কেবল প্রশাসনিক ব্যবস্থাই নয়, মামলা ঠুকে দেওয়া হবে বলে সতর্ক করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তারেক রহমানের মন্ত্রিসভায় আইনমন্ত্রীর দায়িত্ব পেয়ে সচিবালয়ে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় এই সতর্কবার্তা দেন আসাদুজ্জামান।
'সবাই বলে দুর্নীতিবাজ বিচারপতি, দুর্নীতিবাজ কর্মকর্তা' মন্তব্য তিনি বলেন, "বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটার সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। বিচারকের সৎ- অসৎ এই জায়গায় আমি দেখতে চাই না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নেওয়া হবে না, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না। এই বিষয়টি সবাইকে স্মরণ রাখতে হবে।''
আইনমন্ত্রীর কথায়, “বিচারক মানেই সৎ। যাদের মনে হবে যে চাকরির টাকায় সংসার চলে না, যাদের এই টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই। তারা ওকালতি করুক, কারণ তাদের অবসরের পরে ওকালতি করার সুযোগ থাকে। এটা আমার কমন মেসেজ।”
পরে মন্ত্রিসভায় যোগ দিতে যাওয়ার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুখোমুখি হয়ে আইনমন্ত্রী বলেন, "মানুষের স্বপ্ন পূরণই এখন বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। তবে স্বপ্ন কখনো একবারে পৌঁছানো যায় না।"
অন্তর্বর্তীকালীন সরকার মন্ত্রণালয়কে যে অবস্থায় রেখে গেছে সেটা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এছাড়া সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, " এটা পার্টি লেভেলে আলোচনা হয়েছে, পার্টির মুখপাত্র যা বলেছেন ওটাই আমাদের বক্তব্য।"
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানে এমপি হিসেবে শপথ নেওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা ছিল।
কিন্তু বিএনপি জোট সংসদ সদস্যের শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। সংবিধান পরিবর্তনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের ‘সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
