পল্লবীতে বাসচাপায় বৃদ্ধার মৃত্যু
তারা বিবি শরীয়তপুরে গ্রামের বাড়ি যাওয়ার জন্য মেয়ের বাসা থেকে বেরিয়ে রাস্তা পার হতে গিয়ে বাস চাপা পড়েন।
ঢাকার পল্লবীতে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় প্রাণ গেছে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার।
বুধবার সকাল ১০টার দিকে পল্লবী ১২ নম্বর সেকশনে রংধনু মার্কেটের কাছে ওই দুর্ঘটনা ঘটে।
পল্লবী থানার ওসি অপূর্ব হাসান বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, “পরিস্থান পরিবরহনের একটি বাস তারা বিবি নামের ওই বৃদ্ধাকে চাপা দেয়। তিনি রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়েন।”
ঘটনার পরপরই ওই বৃদ্ধাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারা বিবি শরীয়তপুরে গ্রামের বাড়ি যাওয়ার জন্য মেয়ের বাসা থেকে বেরিয়ে রাস্তা পার হতে গিয়ে বাস চাপা পড়েন।
বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
এর আগের দিন মঙ্গলবার রাত ৯টায় পূরবী সিনেমা হলের কাছে টপটেন দোকানের কাছে বসুমতি পরিবহনের বাসের চাপায় খায়রুন বেগম নামে ৩২ বছর বয়সী এক পোশাক শ্রমিক এবং তার কোলে থাকা চার বছরের ভাতিজা ইয়াসিনের মৃত্যু হয়।
ওসি জানান, মঙ্গলবারের দুর্ঘটনায় বাসটি আটকের পাশাপাশি চালককে গ্রেপ্তার করা হয়েছে।
খায়রুন বেগমের গ্রামের বাড়ি ভোলায়। ঢাকায় তিনি থাকতেন পল্লবী ২ নম্বর সেকশনে, সেখানেই একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
