হজযাত্রীদের ‘সর্বোত্তম সেবা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী’
এবছর দেশ থেকে হজে যাবেন প্রায় ৭৮ হাজার ৫০০ জন। এরমধ্যে সরকারি উদ্যোগে যাবেন ৪৫৬৫ জন; বাকিরা যাবেন বেসরকারি এজেন্সির মাধ্যমে।
প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
দুপুরে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন তারেক রহমান।
রুমন বলেন, “হজযাত্রীরা যেসব সমস্যায় পড়েন, সেগুলো চিহ্নিত করে কীভাবে দূর করা যায় কিংবা কমিয়ে আনা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন।
“প্রধানমন্ত্রী বলেছেন, এবার হজ যাত্রীদের সেবায় যারা নিয়োজিত থাকবেন তাদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে। হাজীদের যেন কোনো দুর্ভোগ পোহাতে না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্টদের তিনি সর্তক থাকতে বলেছেন।”
এবছর দেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজে যাবেন। এর মধ্যে সরকারি উদ্যোগে যাবে ৪ হাজার ৫৬৫ জন; বাকিরা যাবেন বেসরকারি এজেন্সির মাধ্যমে।
৫০ শতাংশ হজযাত্রী যাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে; অন্যরা সোদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস বিমান সংস্থার ফ্লাইটে যাবেন। হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল।
সভায় হজ ব্যবস্থাপনার উন্নয়ন, হজযাত্রীদের সব তথ্য অনলাইনে সংরক্ষণ, হজ এজেন্সির কাজের মূল্যায়ন, সেবার মান নিয়ে অভিযোগ ওঠা হজ এজেন্সি চিহ্নিত করাসহ নানা বিষয়ে আলোচনা হয়।
সভায় অন্যদের মধ্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।
