১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে ২৫ বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

বিচারপতিরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সব সময় সচেতন থাকবেন বলে রাষ্ট্রপতিকে আশ্বস্ত করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 09:47 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে যোগ দেওয়া নতুন ২৫ বিচারপতি। 

বুধবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ হয় বলে সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রাষ্ট্রপতি বিচারপতিদের অভিনন্দন জানিয়ে বলেন, নতুন বিচারপতি নিয়োগের ফলে দেশের উচ্চতর আদালতে বিচারিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং বিচারপ্রার্থীরা উপকৃত হবেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রপতি বিচারপতিদের সেবার মানোন্নয়নে আত্মোনিয়োগ করার আহ্বান জানান এবং তাদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।

বিচারপতিরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সব সময় সচেতন থাকবেন বলে রাষ্ট্রপতিকে আশ্বস্ত করেন। 

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৫ অগাস্ট ২৫ জনকে নিয়োগ দেওয়া হয়, শপথ গ্রহণের তারিখ থেকে যারা অনধিক ২ বছরের জন্য হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত থাকবেন। 

পরদিন ২৬ অগাস্ট প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করান।