কারাগারে গেলেন সাবেক উপকমিশনার জসীম
গত ১৩ অগাস্ট জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।
জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের গণহত্যার অভিযোগে গ্রেপ্তার ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসীম উদ্দীনকে কারাগারে পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
এর আগে রংপুর থেকে জসীমকে গ্রেপ্তার করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ঢাকার মিরপুর জোনের সাবেক ডিসি জসীম উদ্দীনকে গতকাল রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। আজ বিকাল ৫টায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
ক্ষমতার পালাবদলের পর গত ১৩ অগাস্ট জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।
