১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

তুলে নিয়ে অর্থ আদায়ের মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

ঢাকার কোতয়ালি থানার মামলায় তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

তুলে নিয়ে অর্থ আদায়ের মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
গ্রেপ্তার তিনজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2024, 10:17 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে শ্রমিক দলের নেতাকর্মীদের মারধর ও আটকে রেখে ১০ লাখ টাকা আদায়ের অভিযোগের একটি মামলায় সাবেক এক ইউপি চেয়ারম্যান ও দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ এক বার্তায় জানিয়েছে, আগের দিন মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।

ওই তিনজন হলেন ভোলার শশীভূষণের সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আলম খোকন, চরফ্যাশন কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. জাহিদ হাসান ও শশীভূষণ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

সরকার পতনের পর গত ৯ সেপ্টেম্বর ঢাকার কোতয়ালি থানায় মামলাটি করেন ‘ঘাট শ্রমিক দল ইউনিয়ন নেতা’ ও পাঞ্জাবী ব্যবসায়ী মনির হোসেন।

মামলায় অভিযোগ করা হয়, গণআন্দোলনে যোগ দিতে গত ৩ অগাস্ট মনির হোসেনের নেতৃত্বে ৩০/৩৫ জন ওয়াইজঘাট এলাকায় জড়ো হলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। একপর্যায়ে তারা মনির হোসেনকে উঠিয়ে নিয়ে বুলবুল ললিতকলা একাডেমির ভেতর ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে নিয়ে ২০ লাখ টাকা দাবি করেন। পরে ১০ লাখ টাকা দিয়ে তিনি ছাড়া পান।

মামলায় ১৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাত দেড়শ জনকে আসামি করা হয়েছে।