২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি মনু

মামলার ১১৯ নম্বর আসামি সাবেক এই সংসদ সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2025, 07:23 PM

Updated : 26 Aug 2026, 12:33 PM

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র মো. আরিফের মৃত্যুতে দায়ের করা হত্যা মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম আবদুল ওয়াহাব তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মনিরুল ইসলাম মনুর পক্ষে জামিনের আবেদন ছিল না বলে যাত্রাবাড়ী থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মো. শরীফুজ্জামান জানিয়েছেন। 

এদিন সোমবার দুপুরে গুলশান থেকে মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তারের কথা জানান ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গতবছরের ১৯ জুলাই বিকালে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। 

সে সময় চোখে গুলি লাগে লর্ড হাডিক্ট সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় মামলা করেন, যেখানে ১১৯ নম্বর আসামি মনিরুল ইসলাম মনু।

২০২০ সালের ১৭ অক্টোবর ঢাকা-৫ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে ভোট করে জয়ী হয়েছিলেন কাজী মনিরুল ইসলাম মনু।

একাদশ সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য ওই আসনে উপনির্বাচন হয়েছিল।

দ্বাদশ সংসদ নির্বাচনে কাজী মনিরুলকে আর মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। 

গত বছর ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।