Published : 04 Jan 2026, 04:04 PM
ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নেয়য়ার বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন এ বিষয়ে ‘চুপ করে বসে থাকার উপায় নেই’।
রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় রিজওয়ানা কথা বলছিলেন।
তিনি বলেন, "এ বিষয়ে আইনি ভিত্তি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। চুপ করে বসে থাকার উপায় নেই। একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।"
পেসার মোস্তাফিজুর রহমানের এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা ছিল। তবে ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড–বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে দল থেকে বাদ দিয়েছে কেকেআর।
এমন সিদ্ধান্তের পর বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আইন উপদেষ্টা ফেইসবুকে একটি পোস্ট দিয়ে এ বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসিফ নজরুল বলেন, “উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
“ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারেনা। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। আমি তথ্য এবং সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়! আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না।
গোলামীর দিন শেষ!”
এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন, "বিষয়টি হচ্ছে খেলাকে যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হত; কিন্তু আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। অন্যান্য সময়ে আমরা কী বলি, দুটি দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও, যেকোনো দেশ, আমি বাংলাদেশ-ভারত, ভারত-নেপাল, ভারত-মালদ্বীপ, এটা বলছি না। বলছি দুটি দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও, যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা—এগুলোর মাধ্যমে এটা (টেনশন) কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটি করা হয়েছে।”
আইপিএল থেকে মোস্তাফিজুরকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশকেও একটা ‘অবস্থান’ নিতে হবে বলে মন্তব্য করেছেন রিজওয়ান।
তিনি বলেন, "বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা পত্রপত্রিকায় দেখেছেন, বলা হচ্ছে ওকে নেওয়া হবে না এ রকম সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশের জনগণের মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়।
“সে রকম জায়গায় আমাদেরও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি ও প্রক্রিয়া যাচাই–বাছাই করছি। এটি করার পরে একটা পদক্ষেপ...গ্রহণ করব।...এখানে একটি সিচুয়েশন আমার জন্য তৈরি করা হয়েছে। আমাকে এ ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই। কোন যুক্তিতে মুস্তাফিজুরকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ি কোনো যুক্তিতে মানা করলে তো কোনো ব্যাপার ছিল না। যে যুক্তিতে মানা করা হচ্ছে, সে যুক্তিটা তো আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারছি না। ফলে সেখানে আমাদের একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।"
এদিকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সৃষ্ট পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি লিখবে বিসিবি।
বিসিবি পরিচালকদের জরুরি অনলাইন সভায় রোববার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন
ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, ভেন্যু সরাতে বলবে বিসিবি
মুস্তাফিজ বাদ: বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারতে নয়, শ্রীলঙ্কায় চান ক্রীড়া উপদেষ্টা