Published : 04 Jan 2026, 12:57 AM
বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার রাতে সামাজিক মাধ্যম ফেইসবুকে এক পোস্টে এসব কথা জানান ক্রীড়া উপদেষ্টা।
“উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
“ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (উপদেষ্টা) হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিবি) বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।”
বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন বলেও জানান আসিফ নজরুল।
“আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে (উপদেষ্টা) অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়।”
“আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামির দিন শেষ!”
এর আগে শনিবার সিলেটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপার নিয়ে প্রয়োজনে আইসিসিতে যোগাযোগ করবেন তারা।
২০২৬ আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যা আইপিএলে রেকর্ড পারিশ্রমিক।
কিন্তু মুস্তাফিজের খেলা নিয়ে গত কিছুদিনে নানা বিতর্কের খবর ভারতীয় সংবাদমাধ্যমে উঠে আসে। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে। সেই ঘটনা ও বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের নানা অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ, ধর্মীয় কিছু সংগঠন ও ধর্মীয় গুরুদের কয়েকজন প্রশ্ন তুলছিলেন মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে।
বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া শনিবার জানান, মুস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছেন তারা। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। পরে ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে বাঁহাতি পেসারকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে হবে ভারত ও শ্রীলঙ্কায়। আগামী ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিন কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের দুটি ম্যাচও হবে একই মাঠে। শেষ ম্যাচ খেলবে তারা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
মুস্তাফিজ বাদ: বোর্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন কংগ্রেস নেতা, মাদান লালের
আইপিএল থেকে বাদ মুস্তাফিজ: বিজেপি নেতা বলছেন, ‘শত কোটি হিন্দুর জয়’
মুস্তাফিজকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ ভারতীয় বোর্ডের