Published : 03 Jan 2026, 08:27 PM
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়ায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমানে কংগ্রেস–দলীয় লোকসভার সদস্য শশী থারুর। বোর্ডের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার মাদান লালও।
২০২৬ আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যা আইপিএলে রেকর্ড পারিশ্রমিক।
কিন্তু মুস্তাফিজের খেলা নিয়ে গত কিছুদিনে নানা বিতর্কের খবর ভারতীয় সংবাদমাধ্যমে উঠে আসে। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে। সেই ঘটনা ও বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের নানা অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ, ধর্মীয় কিছু সংগঠন ও ধর্মীয় গুরুদের কয়েকজন প্রশ্ন তুলছিলেন মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে।
বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া শনিবার জানান, মুস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছেন তারা। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। পরে ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে বাঁহাতি পেসারকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়।
আগের দিন সাংবাদিকদের সামনে নিজের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করে শনিবার সামাজিক মাধ্যম এক্স-এ ভারতীয় বোর্ডের সমালোচনা করেন শশী থারুর।
“বিষয়টি নিয়ে আমার মতামত স্মরণ করিয়ে দিচ্ছি, এখন যখন বিসিসিআই দুঃখজনকভাবে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট বাংলাদেশি খেলোয়াড়টি যদি লিটন দাস বা সৌম্য সরকার হতেন?”
“এখানে আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি: একটি জাতিকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে? খেলাধুলা নিয়ে এই নির্বোধ রাজনীতিকরণ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে?।”
আগের দিনের ওই বক্তব্যে শশী থারুর বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার প্রভাব ক্রিকেটে পড়তে দেওয়া উচিত নয়।
“সত্যি বলতে, আমি মনে করি না যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বোঝা ক্রিকেটের বহন করা উচিত। এই বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি খুবই স্পষ্ট, আমাদের কিছু বিষয়কে অন্য ঘটনা থেকে আলাদা করার চেষ্টা করা উচিত।”
“আমরা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছি এবং তাদের সংখ্যালঘুদের সুরক্ষা ও যত্ন নেওয়ার জন্য সঠিক পদক্ষেপ নিতে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, বার্তা অব্যাহত রাখা উচিত।”
শশী থারুরের মতে, এসবের সঙ্গে মুস্তাফিজকে জড়িয়ে ফেলাটা একবারের অনুচিত।
“মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার, এই বিষয়গুলোর কোনোটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার বিরুদ্ধে কোনো ঘৃণাসূচক বক্তব্য দেওয়া বা কোনো হামলাকে সমর্থন করার অভিযোগ নেই। তিনি একজন ক্রীড়াবিদ এবং এ দুটি বিষয়কে মেলানো অন্যায্য।”
“আমরা যদি এমন একটি দেশ হয়ে যাই, যে তার সব প্রতিবেশীকে বিচ্ছিন্ন করে ফেলে এবং বলে যে কারো সঙ্গেই তারা খেলবে না, তাহলে দেশ হিসেবে এটি আমাদের জন্য কিভাবে ভালো কিছু হবে। এই বিষয়গুলোতে আমাদের বড় হৃদয় ও বড় মন থাকতে হবে।”
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডের’ সঙ্গে আলাপে মাদান লাল বলেন, খেলাধুলার ভেতরে রাজনীতির প্রবেশ মোটেও ভালো নয়। বিসিসিআই একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন তিনি।
“আমি মনে করি, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ কেউ তাদের চ্যালেঞ্জ করতে পারবে না। এমনকি শাহরুখ খানও (বলিউড তারকা ও কলকাতা নাইট রাইডার্সের কর্ণধারদের একজন) নয়, কারণ তারা বিসিসিআইয়ের অধীনে। তাই বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমি জানি না কেন খেলাধুলায় এত রাজনীতি ঢুকে পড়ছে। ক্রিকেট কোন দিকে যাচ্ছে, খেলাধুলা কোথায় যাচ্ছে, আমার কোনো ধারণা নেই।”
“বাংলাদেশে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। কিন্তু এজন্য খেলোয়াড়দের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এটাই সমস্যা। তারা খেলোয়াড়দের ব্যবহার করে। যা চলছে, তা খুবই দুঃখজনক ঘটনা। খেলাধুলায় রাজনীতি মিশিয়ে ফেলা উচিত নয়।”
মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা ‘বিশ্বাসঘাতক’ বলে মন্তব্য করেন ভারতের ক্ষমতাশীন দল বিজেপির নেতা সঙ্গীত সোম। মাদান লাল বললেন, নিলামে দল বাছাই তো আর শাহরুখ করেন না, তাই তাকে শূলে চড়ানো মোটেও উচিত নয়। তার মতে, ওপর মহলের চাপেই মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
“হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশে যা ঘটছে, তার কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আমি এখানে সরাসরি কথা বলছি। ওপর মহলের চাপ অবশ্যই ছিল। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাহরুখ খানের দোষ কোথায়? একটি কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেয়। যখন তারা নিলামে বসে, তখন তারাই খেলোয়াড় ও সবকিছু বাছাই করে।”
আরও পড়ুন
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে বাংলাদেশ? যা বলছে বিসিবি
আইপিএল থেকে বাদ মুস্তাফিজ: বিজেপি নেতা বলছেন, ‘শত কোটি হিন্দুর জয়’
মুস্তাফিজকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ ভারতীয় বোর্ডের