Published : 03 Jan 2026, 02:50 PM
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্তে গোটা দেশের হিন্দু সম্প্রদায়ের জয় হয়েছে বলে মনে করেন ভারতের ক্ষমতাশীন দলটির নেতা সঙ্গীত সোম।
এই সঙ্গীত সোম জোর দাবি জানিয়ে আসছিলেন মুস্তাফিজকে বাদ দেওয়ার। বাংলাদেশের পেসারকে দলে নেওয়ায় কলকাতা নাইট রাইডার্সের কর্ণধারদের একজন বলিউড তারকা শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন তিনি।
ভারতের ক্রিকেট বোর্ড- বিসিসিআইয়ের সচিব দেবাজিৎ সাইকিয়া শনিবার জানান, মুস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে তারা। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পর উচ্ছ্বাস প্রকাশ করেন সঙ্গীত সোম।
“ভারতের ১০০ কোটি সনাতনির কথা ভেবে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ। গতকালই আমরা বলেছিলাম, এই ব্যাপারটিকে গ্রাহ্য করতেই হবে। কারণ ১০০ কোটি ভারতীয়র আবেগকে উপেক্ষা করা যাবে না। এটা গোটা দেশের হিন্দুদের জয়।”
আইপিএলের নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তুমুল লড়াইয়ের পর ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
কিন্তু মুস্তাফিজের খেলা নিয়ে গত কিছুদিনে নানা বিতর্কের খবর ভারতীয় সংবাদমাধ্যমে উঠে আসে। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে। সেই ঘটনা ও বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের নানা অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ, ধর্মীয় কিছু সংগঠন ও ধর্মীয় গুরুদের কয়েকজন প্রশ্ন তুলছিলেন মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে।
বিজেপি নেতা কৌস্তভ বাগচি সম্প্রতি প্রকাশ্যে ঘোষণা দেন, "আইপিএলের কোনো দলে যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার রাখা হয় এবং কলকাতায় ম্যাচ খেলতে চায়, আমরা তা হতে দেব না। প্রয়োজনে আমরা শাহরুখ খানকেও (কলকাতা নাইট রাইডার্সের কর্ণধারদের একজন) কলকাতায় ঢুকতে দেব না।” আধ্যাত্মিক গুরু দেবকিনান্দান ঠাকুর কলকাতা দল ও শাহরুখের তীব্র সমালোচনা করে বলেছেন মুস্তাফিজকে সরিয়ে দিতে।
মুস্তাফিজকে বাদ দেওয়ার দাবি জানান শিব সেনা নেতা সাঞ্জায় নিরুপাম। কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রিনাতে প্রশ্ন তোলেন, বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলের নিলামে রাখা হলো কেন। এমনকি অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমার আহমেদ ইলিয়াসিও কলকাতার সমালোচনা করে ক্ষমা চাইতে বলেন শাহরুখকে।
আরও পড়ুন
মুস্তাফিজ বাদ: বোর্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন কংগ্রেস নেতা, মাদান লালের
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে বাংলাদেশ? যা বলছে বিসিবি
মুস্তাফিজকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ ভারতীয় বোর্ডের