১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে বাংলাদেশ? যা বলছে বিসিবি

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর প্রশ্ন উঠছে, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া বাংলাদেশ দলের জন্য কতটা নিরাপদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 08:10 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে এখনও পর্যন্ত ভারদীয় বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারেনি বিসিবি। ব্যাপারটি নিয়ে তাই মন্তব্য করতে চান না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপার নিয়ে প্রয়োজনে আইসিসিতে যোগাযোগ করা হবে বলে জানালেন তিনি।

সার্বিক পরিস্থিতি নিয়ে শনিবার রাত সাড়ে ৯টায় বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা করবেন বলে জানালেন বোর্ড প্রধান। 

সিলেটে বিসিবির আঞ্চলিক কার্যক্রম শুরুর অনুষ্ঠান শেষে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন আমিনুল। তার কাছে বেশির ভাগ প্রশ্ন ছিল আইপিএল থেকে মুস্তাফিজের বাদ পড়া ও বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়ার ব্যাপারটি নিয়েই।

কালকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়া নিয়ে বোর্ড সভাপতি বললেন, আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানানোর পর তারা মন্তব্য করবেন। 

“ব্যাপারটা হচ্ছে, এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য আছে, আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির তত্ত্বাবধানে খেলি, আর মুস্তাফিজের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল। এইটুকু তথ্য আমাদের কাছে আছে। এরপর কোনো অফিসিয়াল বিবৃতি বা তথ্য আমরা পাইনি। পাওয়ার পর আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করব।”

মুস্তাফিজকে এভাবে বাদ দেওয়া বাংলাদেশের প্রতি অসম্মান কি না, এই প্রশ্নে বোর্ড প্রধান বললেন, “এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর দিতে পারছি না, দুঃখিত। আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের সঙ্গে কথা বলব।”

শুধু মুস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারলে বিশ্বকাপ গোটা বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দেবে ভারত, এই প্রশ্নও উঠল। আমিনুল এবারও খুব বেশি গভীরে যেতে চাইলেন না। 

“আমি একটা ‘কুইক’ উত্তর দিচ্ছি, যেটা হচ্ছে শর্ট, টুর্নামেন্ট আয়োজন করছে আইসিসি, ভারত হচ্ছে স্বাগতিক। আমাদের কিছু যোগাযোগ করার দরকার হলে আইসিসিতে করব।”

বিসিবি সভাপতির পাশে ছিলেন বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন। বিসিবির এই পরিচালক পাশ থেকে যোগ করলেন, “আইসিসিই ঠিক করবে, কোনটি উপযুক্ত ভেন্যু হবে।”

বাংলাদেশকে ছোট করা হয়েছে বা অসম্মান করা হয়েছে, এসব আলোচনাকে ঠিক গ্রহণ করলেন না আমজাদ। তবে বিসিবির এই পরিচালক জানালেন, ক্রিকেটারদের নিরাপত্তাকে তারা অগ্রাধিকার দেবেন। 

“ছোট করা হচ্ছে বা এই ধরনের ব্যাপারগুলো থেকে আমরা বেরিয়ে আসি। এই ধরনের অভিজ্ঞতা আগে আমাদের ছিল না। এটা প্রথমবার। আমাদের কাউন্টারপার্ট থেকেও আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানতে পারিনি। কিছু না জানা পর্যন্ত তো কোনো অ্রাকশন নিতে পারছি না। আমরা যেটা বলছি, আমাদের ক্রিকেটারদের মর্যাদা, নিরাপত্তা, সবসময় আমাদের প্রাধান্য। সেটির জন্য সম্ভাব্য সেরা সিদ্ধান্ত আমরা নেব, সময়মতো।”

আরও পড়ুন

মুস্তাফিজ বাদ: বোর্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন কংগ্রেস নেতা, মাদান লালের

আইপিএল থেকে বাদ মুস্তাফিজ: বিজেপি নেতা বলছেন, ‘শত কোটি হিন্দুর জয়

মুস্তাফিজকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ ভারতীয় বোর্ডের