Published : 04 Jan 2026, 01:40 PM
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সৃষ্ট পরিস্থিতিতে আইসিসির কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আগামী মাসের বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য নিরাপত্তা ব্যবস্থা জানতে চাওয়া হবে সেই চিঠিতে। তবে বাংলাদেশের ভেন্যু সরিয়ে নেওয়ার দাবি সেখানে থাকবে না।
মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়ার পর বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচের তিনটিই কলকাতায়।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শনিবার সিলেটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, রাত সাড়ে ৯টায় বোর্ড পরিচালকদের সঙ্গে ব্যাপারটি নিয়ে তারা আলোচনা করবেন ও করণীয় ঠিক করবেন। কয়েকজন পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, খুব বেশি দীর্ঘ হয়নি সেই আলোচনা।
বিসিবির মূল সিদ্ধান্তের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
“আইসিসির কাছে চিঠিতে নিজেদের কনসার্ন জানাব আমরা। বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানতে চাইব। এরপর তাদের জবাবের ওপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।”
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক মাধ্যমে লিখেছেন, বিসিবিকে তিনি বলেছেন, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে যেন অনুরোধ করা হয়। তবে বিসিবির চিঠিতে এখন তেমন কিছু থাকছে না বলেই জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক যেমন বললেন, বাস্তবতা বুঝেই এগোনোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
“ভেন্যু বদলানোর কথা তো আমরা বলতে পারি না, এটা আইসিসির ব্যাপার। আমরা আমাদের নিরাপত্তার ব্যাপার নিয়ে জানতে চাইতে পারি। বিশ্বকাপের মতো আসরে আইসিসির সঙ্গে আয়োজক বোর্ডের চুক্তিতে নিরাপত্তার ব্যাপারটি এমনিতেও থাকে। তার পরও নিজেদের কথা আমরা জানাব।”
“তবে ভেন্যু সরানোর ব্যাপার তো সহজ নয়। ভ্রমণ, লজিস্টিকস, ব্রডকাস্ট, টিকেট বিক্রি, অনেক ইস্যু জড়িয়ে আছে এসবে। বিশ্বকাপের এক মাস আগে হুট করে ভেন্যু বদলাতে বলাটা খুব বাস্তবসম্মত নয়। আমাদের ছেলেদের নিরাপত্তা অবশ্যই আমাদের অগ্রাধিকার। সেটা নিশ্চিত করতে বলব আমরা।”
বিসিবি পরিচালকদের ভাবনায় আছে আরও কিছু ব্যাপার। গত বছর ভারতীয় দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। এ বছরের অগাস্টে তাদের আসার কথা। আগামী বছর বাংলাদেশে হওয়ার কথা এশিয়া কাপ। পরে আছে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, ২০৩১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজন করার কথা ওয়ানডে বিশ্বকাপ। ভারতীয় বোর্ডের সঙ্গে টানাপোড়েনের জায়গায় তাই যেতে চায় না বোর্ড।
চিঠির ভাষা কেমন হবে, সেটা নিয়ে তেমন কোনো আলোচনা বোর্ড পরিচালকদের হয়নি। বিসিবি সভাপতিই সেটি ঠিক করবেন বলে জানালেন বোর্ড পরিচালকদের কয়েকজন।