দুর্নীতি থেকে বেরিয়ে সরকার চালানোর প্রতিজ্ঞা করার আহ্বান ইউনূসের
ডিসি সম্মেলনের নৈশভোজে তিনি বলেন, আর সব কথা বাদ দিয়ে দুর্নীতি থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের গতি নাই।
দুর্নীতি থেকে বের হয়ে সরকার চালানোর প্রতিজ্ঞা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, যাতে কেউ দুর্নীতির দায়ে অভিযুক্ত করতে না পারে সেভাবে সরকার ও সমাজ চালাতে হবে।
তিনি বলেন, ''দুর্নীতি সব শেষ করে দিচ্ছে। এটা থেকে বের হতে না পারলে বাংলাদেশের কোনো গতি নাই।''
রোববার সন্ধ্যায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনের নৈশভোজে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডিসি সম্মেলনের অংশ হিসেবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে বার্ষিক এ নৈশভোজের আয়োজন করা হয়। এদিন সকালে তিন দিনের ডিসি সম্মেলন শুরু হয়।
ডিসি ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ''এ ভীষণ রোগ, আমাদের সারা গায়ে ঘা। এটা থেকে মুক্ত হতে না পারলে কোনো দিকে অগ্রসর হওয়ার উপায় নেই। আমাদের আজকে প্রতিজ্ঞা নেই, আমরা এই ঘা থেকে মুক্ত হব, সুস্থ হব। দুর্নীতির দায়ে আমাদের কেউ অভিযুক্ত করতে পারবে না। এই রকম সরকার চালাব, এ রকম সমাজ চালাব।''
তিনি বলেন, ''আমাদের সামনে বিশাল জগৎ, শুধু আমাদের সিদ্ধান্ত এবং কর্মসূচিগুলো ঠিক করার অপেক্ষায়। এই যে এত বড় সুযোগ আমাদের আছে, এবং এগুলো বাস্তবায়ন হবে, এগুলো নিয়ে আমাদের চিন্তা নাই। তারুণ্য আমাদের আছে, প্রাকৃতিক সুযোগ আমাদের আছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, সব শেষ করে দিচ্ছে।
''সততা বলে আমাদের আর কোনো জিনিস নাই, শৃঙ্খলা বলে আমাদের আর কোনো জিনিস নাই। কাজেই এই দুর্নীতি থেকে বের না হইলে কোনোটা হবে না।''
ইউনূস বলেন, ''আমরা আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সম্মেলনে এসেছি। কাজেই দুর্নীতি কোথায় আছে, কীভাবে আছে, তা তাদের অজানা নয়। এবং এটা থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই। এটা থেকে বের হতেই হবে আমাদের। আর সব কথা বাদ দিয়ে দিন, আমরা সব বুঝি-এটা থেকে বের হতে হবে।
''এটা (দুর্নীতি) থেকে আমরা কেউ মুক্ত হতে পারছি না। এত গভীরে ঢুকে গেছি এটা! আমরা যত বক্তৃতাই করি, এটা অসার কথা, যদি না ওই স্কেলে আমরা একটা সৎ জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে না পারি।''
দেশকে দুর্নীতিমুক্ত করার প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, ''আমরা অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের মধ্যে আছি, কতটুকু সমাধান দিতে পারব জানি না। তবে আশা থেকে আমরা একটা চেষ্টা করছি। অতীতেও চেষ্টা হয়েছে এটা। কিন্তু কাগজে-কলমে চেষ্টার মধ্যে রয়ে গেছে, কাজে লাগে নাই।''
দুর্নীতি থেকে বের হতে অনলাইন কার্যক্রম বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, ''একটা চেষ্টা হচ্ছে অনলাইন সার্ভিস কাজে লাগাতে পারছে না। নানা রকম ব্যাখ্যা আসে, কেন কাজে লাগাতে পারছে না। লোক যায় অনলাইন সার্ভিসে ট্যাক্স দেওয়ার জন্য, বলে যে সার্ভার ডাউন হয়ে গেছে—সুন্দর সুন্দর ব্যাখ্যা! অর্থাৎ সে আপনাকে দেবে না। আরেক জায়গায় আরেক ব্যাখ্যা। ভূমি মন্ত্রণালয় আন্তর্জাতিক সহায়তার কারণে সব রেডি হয়ে আছে, কাজে লাগানো হয়নি।
''আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতিমুক্ত হই। কারণ দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত আমার সঙ্গে ব্যবসা-বাণিজ্য কিছুই চলছে না। তারাও চায় আমাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য হোক, এটা তাদের লাভের জন্য। আমরা তাদের সুযোগ দিতে চাই না। আমরা ব্যক্তিগত সুযোগ নিয়ে ব্যস্ত আছি। জাতীয় সুযোগের জন্য আমরা মোটেও চিন্তিত নই। আমাদের সেই চিন্তা পাল্টাতে হবে।''
প্রধান উপদেষ্টা বলেন, ''অনুরোধ, যারা আজকে সরকারি কার্যক্রমে আছেন, সরকার তো হল গোড়া, দুর্নীতির গোড়ায় হল সরকার। সেখান থেকে সরকারকে ভেস্তে দিতে পারে। সরকার যদি দেশের উপকারে আসতে চায়, তাহলে এটা থেকে আমাদের মুক্তি দিতে হবে।
''এই আবেদন করব, আমরা থাকা অবস্থায় প্রতিটি ক্ষেত্রে অনলাইন সার্ভিস, যেগুলো তৈরি আছে, ভবিষ্যতে যেগুলো তৈরি হবে সেগুলোর কথা বলছি না, যেগুলো তৈরি আছে, সেটা শতভাগ যেন আমরা বাস্তবায়ন করে যেতে পারি।''
দুর্নীতিবাজদের মুক্তি দিতে না চাওয়ার প্রতিশ্রুতির কথা তুলে ধরে, ''এটা হলো লোহার ফটক (দুর্নীতি), এটা অতিক্রম না করলে উন্নতি বলেন, কিছুই আসবে না। কিচ্ছু হবে না। সম্মান, উন্নতি যাই বলেন, কিছুই হবে না। এটা ভদ্রলোকের সংসারের মত হতে হবে, যে আমরা দুর্নীতিমুক্ত জাতি।
'' অপেক্ষা করলে আমাদের সমুদ্র কোনো কাজে লাগবে না, আমাদের পর্বতও কোনো কাজে লাগবে না। আমাদের তরুণদেরকে আমরা জাহান্নামে ফেলে দিলাম। তারা (বলবে), ‘কোন জাহান্নামে চলে আসলাম?’''
সম্প্রতি আরব আমিরাতের একটি অফিসে বাংলাদেশের দুর্নীতির বিষয়টি আলোচনা হওয়ার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘‘আমরা তোমাদের কোনো ডকুমেন্ট বিশ্বাস করতে পারছি না। এত ভুয়া! কাজের লোক, কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসেছে মেডিকেল ডক্টর হিসেবে। জলজ্যান্ত আমরা দেখছি, এ ডাক্তার হতেই পারে না। সে ডাক্তার না, কিন্তু সার্টিফিকেট নিয়ে এসেছে। ডাক্তারি সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে ওখানে আসছে।
”আমরা কতটা বাছাই করব? লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে, আমরা এটা কিছুই করতে পারছি না। আমরা চাকরি চাই, কিন্তু পরিষ্কারভাবে চাই। শুধু পাঠানোর জন্য ডাক্তার বলে পাঠাচ্ছি। আমরা কেউ না কেউ তাকে এই সার্টিফিকেট দিচ্ছি। এজেন্টরা যোগাড় করে দেয়, শুধু একটা এজেন্ট না, বহু এজেন্ট আছে।''
এভাবে অনেক নারী মধ্যপ্রাচ্যে হারিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নিয়ে গেছে, কিসের মধ্যে ফেলে দিয়ে এসেছে, কেউ জানেও না। মানবপাচারের যে বিভৎস বিষয় মেয়েদের জন্য! আমাদের মেয়েরা যাচ্ছে, কী অবস্থায় ফিরে আসছে, যদি সশরীরে ফিরে আসতে পারে। কত লাশ কোথায় চলে যাচ্ছে, সেটারও কোনো হিসাব নাই। এই কোন দেশ বানালাম আমরা? আমরা তো দায়ী। আমার যে আজ এখানে এসেছি, আমরাই তো দেশ চালাই। কাকে কী বলবো?
''আমাদের নিজের কাছে, নিজের সন্তানদের কাছে আমরা কী জবাব দেব? যে কাউকে আমরা রক্ষা করতে পারছি না। এই মৃত্যুর জন্য, এই মানবপাচারের জন্য আমরা দায়ী না? আমরাই তো দায়ী, আমরাই তো সহজ করে দিয়েছি যাওয়া।''
