গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ‘প্রতিফলিত হবে জুলাই সনদে’: প্রধান উপদেষ্টা
এই সনদ প্রণয়নের প্রক্রিয়া যেন স্বচ্ছ ও জনগণের কাছে দৃশ্যমান হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন তিনি।
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ‘জুলাই সনদ এর মাধ্যমে প্রতিফলিত হবে’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
একইসঙ্গে, এই সনদ প্রণয়নের প্রক্রিয়া যেন স্বচ্ছ ও জনগণের কাছে দৃশ্যমান হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে কমিশনের কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।
কমিশনের সদস্যরা বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে ‘জুলাই সনদ’ প্রস্তুতের লক্ষ্যে ‘সর্বোচ্চ প্রচেষ্টা’ চলছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কমিশনের সদস্যদের ‘অনন্য ভূমিকা ও প্রচেষ্টার’ জন্য শুভেচ্ছা জানান।
তিনি বলেন, “ঐকমত্য কমিশনের প্রতিটি বৈঠক টেলিভিশনে সরাসরি সম্প্রচার হওয়ায় সকলেই এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো দেখতে পাচ্ছেন। দেশ-বিদেশের মানুষ ব্যাপকভাবে এই উদ্যোগের প্রশংসা করেছেন।”
ইউনূস বলেন, “এটা একটা ঐতিহাসিক ঘটনা। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এর মাধ্যমে প্রতিফলিত হবে। কাজেই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে হবে, মানুষের কাছে এভাবেই দৃশ্যমান থাকতে হবে।”
বৈঠকে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে আটটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে কমিশন। আরও সাতটি বিষয়ে মতৈক্যে পৌঁছাতে আলোচনা অব্যাহত রয়েছে।
এদিনের বৈঠকে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও মোহাম্মদ আয়ুব মিয়া উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর গত অক্টোবরে গঠিত ছয়টি সংস্কার কমিনের প্রতিবেদন জমা পড়ে ফেব্রুয়ারি মাসে।
এসব প্রতিবেদনের সুপারিশের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি যাত্রা করে জাতীয় ঐকমত্য কমিশন। এ কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তারা সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের বিষয়ে ৩৮টি রাজনৈতিক দল ও জোটের মতামত জানতে চায়- যাদের মধ্যে ৩৩টি মতামত জানায়।
এরপর ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত তাদের সঙ্গে ৪৫টি অধিবেশনের মাধ্যমে প্রথম পর্বের সংলাপ সম্পন্ন করে ঐকমত্য কমিশন।
এরপর ২ জুন থেকে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়, যা এখনও চলছে।
চলতি মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করার লক্ষ্য ঠিক করে কাজে নেমেছে এই কমিশন।
কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, কিছু মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর মাধ্যমে একটি জাতীয় সনদে উপনীত হতে হবে।
সে লক্ষ্যে ৩০ জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায় কাজ সারার তাগিদ দিয়ে তিনি বলেছেন, বড়জোর ৩১ জুলাই পর্যন্ত সময় নেওয়া হতে পারে সনদ তৈরিতে।
পুরনো খবর:
