Published : 31 Jan 2026, 12:54 AM
ঢাকার ওয়ারি এলাকায় ‘পাস্তা ক্লাব’ নামে একটি রেস্তোরাঁর রান্নাঘরে বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহতরা বলেছেন, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।
ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়া ব্যক্তিরা— হোটেলের ক্যাশিয়ার শাহ আলাম (৪৫), কর্মচারী ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)।
তাদের হাসপাতালে নিয়ে আসা ইউসুফ শেখ বলেন, একটি ভবনের তৃতীয় তলায় রেস্তোরাঁটির রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন হারুনুর রশিদ বলেন, "আমাদের এখানে দুজন রোগী আসছে। তাদেরকে জরুরী বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “বাকিদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।”