Published : 10 Oct 2025, 10:49 AM
গাজাগামী নৌবহর ফ্রিডম ফ্লোটিলা থেকে ইসরায়েলের হাতে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে, আজই তাকে বিশেষ বিমান যোগে আন্কারায় নিয়ে আসার সমূহ সম্ভাবনা রয়েছে।
“যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি। আন্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আমানুল হক গতরাতে এই তথ্য জানিয়েছেন।”
শহিদুল আলমের প্রতিষ্ঠান দৃক জানিয়েছে, ফিলিস্তিনি সময় বুধবার সকাল ৬টার সময় (বাংলাদেশ সময় সকাল ৮টা) গাজা থেকে ১২০ নটিক্যাল মাইল (২২০ কিলোমিটার) দূরে ফ্রিডম ফ্লোটিলার জাহাজ ‘কনশানস’সহ মোট ৮টি জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় ‘সহিংসভাবে দখল করে’ নেয় ইসরায়েলের বাহিনী।
প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, “জনাব আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হবার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে জনাব আলমকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়।
“দূতাবাসগুলো জনাব শহিদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।”
এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ৪০টির বেশি ত্রাণবাহী নৌযান ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় ঢোকার চেষ্টা করেছিল। ইসরায়েলি সেনারা সেগুলো দখল করে নেয় এবং জাহাজগুলোতে থাকা চার শতাধিক অধিকারকর্মীকে আটক করে নিয়ে যায়।