১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তারেকের দেশে ফেরা: ১০ রুটে বিশেষ ট্রেন, তিন ট্রেনের যাত্রা বাতিল

তিন রুটের যাত্রীদের সাময়িক অসুবিধার কারণে তাদের কাছে দুঃখ প্রকাশ করেছে রেলওয়ে।

তারেকের দেশে ফেরা: ১০ রুটে বিশেষ ট্রেন, তিন ট্রেনের যাত্রা বাতিল
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 11:12 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির আবেদনের প্রেক্ষিতে ১০ রুটে বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে। এজন্য স্বল্প দূরত্বের তিন ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

একদিনের জন্য ২৫ ডিসেম্বর রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী) ট্রেনের যাত্রা স্থগিত থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে রেলওয়ে।

এজন্য এ তিন রুটের যাত্রীদের সাময়িক অসুবিধার কারণে তাদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।

সোমবার রেল মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের আবেদন বিবেচনায় সব মিলিয়ে ১০টি বিশেষ ট্রেন দেওয়া হচ্ছে। এছাড়া নিয়মিত ট্রেনেও অতিরিক্ত বগি যোগ করা হবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২৪ ডিসেম্বর রাত থেকে অতিরিক্ত বগিসহ বিশেষ ট্রেন রিজার্ভের অনুমতি চেয়ে বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দেয়।

এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করবে বিএনপি। এতে ৩৬ লাখ টাকা রাজস্ব আহরিত হবে।

এসব বিশেষ ট্রেনের ভ্রমণের ক্ষেত্রে শর্ত হিসেবে রেলপথ মন্ত্রণালয় বলেছে, “নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে চাহিদার ভিত্তিতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। রেলওয়ের আনুমানিক স্পেশাল ট্রেন এবং অতিরিক্ত কোচে দলীয় নেতাকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে শর্ত হিসেবে নির্বাচনি আচরণ বিধিমালা-২০২৫ প্রতিপালন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।”

বিশেষ ট্র্রেন চলবে যেসব রুটে

কক্সবাজার-ঢাকা-কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর, টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল, ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার, জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর, রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং যশোর-ঢাকা-যশোর।