২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

কয়েকদিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2024, 12:45 AM

Updated : 26 Aug 2026, 09:36 AM

রাজধানীর যাত্রাবাড়ী থানার গ্রিন মডেল টাউন এলাকার ঝোপঝাড় থেকে এক যুবকের হাত-পা-চোখ বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, কয়েকদিন আগে তাকে হত্যা করা হয়েছে। লাশটি ২০ বছর বয়সী রিকশাচালক নয়নের বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। নয়ন ব্যাটারিচালিত রিকশা চালাতেন, তার বাহনটি পাওয়া যায়নি।

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরের দিকে লাশটি উদ্ধার প্রক্রিয়া শুরু হয়। তবে লাশ যেখানে পাওয়া গেছে, সেই জায়গাটি মুগদা না যাত্রাবাড়ী থানার অধীনে পড়েছে তা নির্ধারণে অনেকটা সময় চলে যায়। রাতে মৃতদেহটি মর্গে পাঠায় যাত্রাবাড়ী থানার পুলিশ।

যাত্রাবাড়ীর থানার ওসি আবুল হাসান বলেন, “মৃতদেহ অনেকটাই পঁচে গেছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা কয়েক দিন আগে তাকে হত্যা করে ফেলে গেছে।” 

সিআইডির ক্রাইম সিন ইউনিট প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে জানিয়ে তিনি বলেন, পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

ওসি হাসান বলেন, নিহত ব্যক্তিকে নিজের ছেলে নয়ন বলে দাবি করেছেন রিনা বেগম নামে এক নারী। তিনি নিহতের স্যান্ডেল ও কোমরের বেল্ট দেখে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন। 

“রিনা বেগম জানিয়েছেন, তার ছেলে নয়ন যাত্রাবাড়ীর শেখদি এলাকায় থাকত। সে ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিল। কয়েকদিন ধরে রিকশাসহ নিখোঁজ ছিল নয়ন। তার রিকশাটা পাওয়া যায়নি।”