১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তীব্র গরম: বিচারকাজ ভার্চুয়ালি চালাতে প্রধান বিচারপতির কাছে চিঠি

শুধু বয়োজ্যেষ্ঠদের জন্য এ আবেদন করা হয় বলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক জানান।

তীব্র গরম: বিচারকাজ ভার্চুয়ালি চালাতে প্রধান বিচারপতির কাছে চিঠি

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2024, 02:39 PM

Updated : 23 Apr 2024, 02:39 PM

দেশজুড়ে বয়ে চলা তাপপ্রবাহের মধ্যে শারীরিকভাবে অসুস্থ এবং বয়োজ্যেষ্ঠ আইনজীবীদের কথা বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্টের বিচারকাজ অনলাইনে চালাতে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছে আইনজীবী সমিতি।

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, “ঢাকাসহ সারা দেশে তীব্র তাপপ্রবাহ বিরাজমান, যাতে মানুষের স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ইতোমধ্যে বাংলাদেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আইনজীবীদের অনেকের পক্ষে শারীরিকভাবে অসুস্থ এবং বয়োজ্যেষ্ঠদের পক্ষে তীব্র গরমে শারীরিকভাবে আদালতে উপস্থিত হয়ে মামলা পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে আইনজীবীরা পেশাগত দায়িত্ব পালনে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিচার প্রার্থীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

“এ অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত পরিসরে অসুস্থ ও বয়োজ্যেষ্ঠদের জন্য ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনা করলে আইনজীবী এবং বিচার প্রার্থীরা উপকৃত হবেন।“

আইনজীবী শাহ মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুধু বয়োজ্যেষ্ঠদের জন্য এ আবেদন করা হয়েছে; নট ফর অল।“

এদিকে মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে চলতি মাসের শেষ সপ্তাহে ঢালাওভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি কিংবা গরম কমারও কোনো সম্ভাবনা নেই।

তীব্র গরমের মধ্যে গত কয়েক দিনে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। হিট স্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের ধারণা।

গরমের কারণে স্কুল-কলেজে সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আরো পড়ুন:

পুরানো খবর:

আবহাওয়ার পূর্বাভাসে সুখবর নেই

পুরানো খবর:

অধস্তন আদালতে কালো কোট-গাউন পরতে হবে না