২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈষম্যের অবসান চায় দলিত ও ‘পিছিয়ে পড়া’ জনগোষ্ঠী

শাহবাগে সমাবেশ থেকে বৈষম্য বিলোপের ১২টি দাবি তুলে ধরেছে ‘বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন’ সংগঠন।

বৈষম্যের অবসান চায় দলিত ও ‘পিছিয়ে পড়া’ জনগোষ্ঠী
ঢাকার শাহবাগে শনিবার সমাবেশ করেছে ‘বিডিইআরএম’ ও ‘নাগরিক উদ্যোগ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2024, 11:39 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

বেতন বৈষম্য, অপ্রতুল বাজেট, আবাসন সংকট ও উচ্ছেদসহ ‘দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর’ প্রতি সব রকমের বৈষম্যের অবসানের দাবি উঠেছে ঢাকায় এক সমাবেশে।

শনিবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সমাবেশে বৈষম্য বিলোপের ১২টি দাবি তুলে ধরেছে ‘বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন’ (বিডিইআরএম) ও ‘নাগরিক উদ্যোগ’ সংগঠন।

পরে সংবাদমাধ্যমে পাঠানো বিডিইআরএমের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বৈষম্য, স্বাস্থ্যঝুঁকি, অপ্রতুল বাজেট বরাদ্দ, সঠিক পরিসংখ্যান না থাকা, আবাসন সংকট ও উচ্ছেদসহ বিভিন্ন বৈষম্য এখনও বিদ্যমান।

“এই সময়ে যখন দেশে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতা সোচ্চার, তখন আমরা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীও আমাদের প্রতি চলমান বৈষম্যের অবসান চাই।”

‘বৈষম্য বিরোধী বিল-২০২২’ সংশোধনপূর্বক তা দ্রুত পাস করার দাবি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “পুনর্বাসন ছাড়া দলিত কলোনি/ পল্লী উচ্ছেদ করা চলবে না। জনপরিসরে দলিতদের প্রবেশাধিকারে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

“দলিত জনগোষ্ঠীর সঠিক সংখ্যা নির্ধারণের জন্য জরুরি ভিত্তিতে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। সব পরিচ্ছন্নতা কর্মীর চাকরি স্থায়ী করাসহ সুনির্দিষ্ট পে-স্কেল দিতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দলিতদের জন্য বাজেট বরাদ্দ বাড়াতে হবে।”

দলিতদের প্রতি বৈষম্য নিরসনে বিভিন্ন পর্যায়ে ‘সংরক্ষণ নীতি’ প্রবর্তনের পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি নিরসনে সুরক্ষা উপকরণ সরবরাহ নিশ্চিতের দাবিও তুলে ধরে বিডিইআরএম।

সংগঠনটির দাবি, ‘কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না’- সংবিধানের এই ধারার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। ভূমিহীন দলিত জনগোষ্ঠীর জন্য অগ্রাধিকার ভিত্তিতে খাসজমির বন্দোবস্ত করতে হবে।

“সকল পরিচ্ছন্নতাকর্মীদের জন্য মহানগর ও পৌরসভায় আবাসনের ব্যবস্থা করতে হবে। স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন কমিটিতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “জন্ম ও পেশাগত কারণে বাংলাদেশে প্রায় ৭৫ লাখ দলিত জনগোষ্ঠী প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। বিডিইআরএম, নাগরিক উদ্যোগসহ বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে বৈষম্য বিলোপ আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।

“২০২২ সালের ৫ এপ্রিল ‘বৈষম্য বিলোপ আইন-২০১৪’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে এই আইনটি আলোর মুখ দেখেনি। বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অংশ হিসেবে প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন’ দ্রুত প্রণয়ন কর হবে।”

সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোবাইদা নাসরীন কণা, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী ও বিডিইআরএমের প্রধান উপদেষ্টা জাকির হোসেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা দীপায়ন খীসা, দলিত নারী ফোরামের সাধারণ সম্পাদক মনি রানী দাস, বিডিইআরএমের সভাপতি উত্তম কুমার ভক্ত, সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস বাংলাদেশ দলিত হিউম্যান রাইটস (বিডিএইচআর) এর সভাপতি বি. দয়ানন্দ, মিরনজিল্লা হরিজন কলোনির উচ্ছেদের শিকার পূজা রানী দাস উপস্থিত ছিলেন।