Published : 18 May 2026, 06:02 PM
চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় কর্মরতদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবি জানিয়েছে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
শরীয়তপুরে ডাক্তার নাসিরসহ বিভিন্ন জায়গায় স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করা হয়।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।
কর্মসূচিতে ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব চিকিৎসক নিয়াজ শহীদ রানা বলেন, “যখনই বাংলাদেশে অন্যায় অত্যাচার হয়েছে তখনই ড্যাব মাঠে নেমেছে। ডাক্তার নাসিরের ওপর যে হামলা হচ্ছে সেটার পিছনে কোনো ষড়যন্ত্র আছে কী না সেটা খুঁজতে হবে। এসব হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তাহলে ভবিষ্যতে আর কেউ চিকিৎসা বা স্বাস্থ্য সেবার কর্মীদের ওপর হামলার সাহস করবে না।”
সাইক্রিয়াটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি নাদিম ইসলাম বলেন, “কেবল ডাক্তার নয়, যে কোনো মানুষের ওপর হামলার নিন্দা জানাই৷ এসব ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সঙ্গে স্বাস্থ্যসেবায় কর্মরত সবার জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে।”
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, “ডাক্তার নাসির এখন আইসিইউতে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা ভবিষ্যতে কি হয় জানা নেই? ডাক্তারদের ওপর হামলার ঘটনা কি সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে? দেশকে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া চলছে। এসব মব সৃষ্টি কারা করছে এবং পিছনে কারা সবাইকে খুঁজে বের করতে হবে। অতি দ্রুত তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে৷”
ড্যাবের অফিস সেক্রেটারি এরফান আহমেদ সোহেলের সঞ্চালনায় সংগঠনের প্রধান উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, সংগঠনের সহ-সভাপতি মো. আবুল কেনান, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. তারেক, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা আকরাম, ডাক্তার মেহেদী হাসান বক্তব্য রাখেন।