Published : 23 May 2026, 10:21 PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ অনুষ্ঠান উদ্বোধন শেষে শনিবার সন্ধ্যায় তিনি ত্রিশালে ‘নজরুল মেলা’ পরিদর্শন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমি চত্বরে এ মেলা বসে।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, জাতীয় কবির জন্মজয়ন্তীর তিন দিনের জাতীয় অনুষ্ঠান উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নজরুল মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তিনি জাতীয় কবির বর্ণাঢ্য জীবন-কর্ম নিয়ে তৈরি ‘দ্রোহের কবি, প্রাণের কবি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীও ঘুরে দেখেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালে তার জন্মবার্ষিকীকে সামনে রেখে তিন দিনের এ অনুষ্ঠান হয়।
‘আগামী বছর নজরুল বর্ষ’
উপ প্রেস সচিব রনি বলেন, প্রধানমন্ত্রী আগামী এক বছর অর্থাৎ ২০২৬ সালের ২৩ মে থেকে ২০২৭ সালের ২৩ মে পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন।
তিনি বলেন, জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান শেষে কবি নজরুলের ওপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার পর প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
ত্রিশাল সফরকালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান দলের ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন।
এদিন রাত ৮টায় ত্রিশালে নজরুল অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা হওয়ার তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বৈঠকটি শেষ হয় সাড়ে ৯টায়।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, এটি একটি সাংগঠনিক সভা। দলের চেয়ারম্যান হিসেবে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন।
এরপর রাত ৯টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ত্রিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা হন বলে জানান রুমন।
প্রধানমন্ত্রী এদিন বেলা ১১টার দিকে ঢাকা থেকে সড়ক পথে ত্রিশালের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে তিনি প্রথমে বৈলরের ‘করার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এরপর বিকালে জাতীয় কবির জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন।