২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সময় চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

“১৮ কোটি মানুষের দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ অত সহজ নয়,” বলেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সময় চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
শনিবার রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2025, 12:04 AM

Updated : 10 Sep 2026, 12:39 PM

সময়ের সঙ্গে সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ঘটবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার রাজধানীর পল্লবী থানা পরিদর্শনকালে এক সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “১৮ কোটি মানুষের দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ অত সহজ নয়। থানার সামনে প্রেস ব্রিফিংয়ের জন্য সুশৃঙ্খলভাবে জড়ো ও সংগঠিত হওয়ার জন্য সাংবাদিকদের কিন্তু সময় লেগেছে। একইভাবে আমাদের সময় দিন।

“আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। ধীরে ধীরে উন্নতি ঘটছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও উন্নত হবে।”

ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনোরকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়ারও কথা বলেন তিনি।

থানা পরিদর্শনের কারণ তুলে ধরে উপদেষ্টা বলেন, “পুলিশের অধস্তন ফোর্সের থাকা খাওয়ার ব্যবস্থা পর্যবেক্ষণ করাই থানা পরিদর্শনের মূল উদ্দেশ্য। পরিদর্শনকালে আমি দেখেছি তাদের থাকার ব্যবস্থা খুবই খারাপ। কীভাবে এটিকে উন্নত করা যায়, সে বিষয়ে প্রধান উপদেষ্টা আমাদের নির্দেশ দিয়েছেন। সেজন্য বিভিন্ন থানা সরেজমিন পরিদর্শন করে দেখছি।”

আগামী ১ সেপ্টেম্বর থেকে নয়টি থানা নতুন বা নিজস্ব জায়গায় স্থানান্তর করা হবে বলেও তথ্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, “জনদুর্ভোগ নিরসন ও থানার সেবার মান আরও উন্নত করতে রাজধানীর প্রতিটি থানা নিজস্ব জায়গা ও ভবনে স্থানান্তর করা হবে। সেজন্য প্রয়োজনীয় অর্থ সংস্থানের চেষ্টা চলছে।”

শনিবার রাজধানীর বিমানবন্দর, উত্তরা পশ্চিম, তুরাগ থানা ও পল্লবী থানা পরিদর্শন করেন উপদেষ্টা।