১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফার্মগেইটে এক্সপ্রেসওয়ের পিলারে বিআরটিসির ধাক্কা, আহত ১

দুইটি বাসের মধ্যে যাত্রী তোলার প্রতিযোগিতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 04:13 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

রাজধানীর ফার্মগেইট এলাকায় এক্সপ্রেসওয়ের পিলারের সঙ্গে বিআরটিসির একটি দোতলা বাস ধাক্কা খাওয়ার ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

দুইটি বাসের মধ্যে ‘যাত্রী তোলার প্রতিযোগিতার কারণে’ এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এক্সপ্রেসওয়ের পিলারের সঙ্গে দ্রুতগতির ওই বাসটি সজরে ধাক্কা খাওয়ার পর, দোতলার ছাদ একপাশে ভেঙে যায়।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, এ ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। 

“বিআরটিসির লোকজনের সঙ্গে তার (আহত ব্যক্তির) সমঝোতা হয়ে গেছে। পরে এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।”

ঘটনার প্রত্যক্ষদর্শী সুজন বণিক বলছেন বিআরটিসির দুইটির দোতলা বাস যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় সড়কে পাশাপাশি চলছিল। 

“এ সময় ডান পাশে চলতে থাকা বাসটির দোতলার ছাদ এক্সপ্রেসওয়ের পিলারে সজোরে ধাক্কা খায়। ধাক্কায় বাসটির দোতালার ছাদ বিধ্বস্ত হয়ে একপাশে ভেঙে পড়ে। তবে দোতালায় বেশি যাত্রী না থাকায় কেউ তেমন হতাহত হননি।”

সুজন বলেন, পরে দোতলা থেকে জানালা দিয়ে যাত্রীদের নিচে লাফিয়ে নেমে আসতে দেখা যায়।

এই দুর্ঘটনার ফলে রাজধানীর ব্যস্ততম ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে অল্প সময়ের মধ্যে দুর্ঘটনায় পড়া বাসটি চালিয়ে সরিয়ে নেওয়া হয়।