ভেজাল জুস কারখানা ও বেকারিকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
সাভারের আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
ঢাকার আমিনবাজার এলাকায় ভেজাল জুস ও বেকারি পণ্য প্রস্তুতকারী দুটি কারখানায় অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চালানো হয় বলে জানান র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
অভিযানে ‘ফ্রুটি’ নামে ভেজাল জুস তৈরির প্রতিষ্ঠান ‘শাপলা ফুডস এন্ড ব্যাভারেজ’ নামের অনুমোদনহীন কারখানায় এবং ‘তাজমহল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’র পাঁচ কর্মীকে জরিমানা করা হয় বলে জানান তিনি।
র্যাব-৩ এর এই সহকারী পুলিশ সুপার বলেন, “আমিনবাজার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন অস্বাস্থ্যকরভাবে ভেজাল জুস, বিস্কুট ও কেক উৎপাদন ও বিক্রি করে আসছে - এমন গোয়েন্দা তথ্যে সোমবার অভিযান চালানো হয়।
“অভিযানে ভ্রাম্যমাণ আদালত ‘তাহসান ফুড এন্ড ব্যাভারেজ’ ওরফে ‘শাপলা ফুডস্’ নামক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সুমন মণ্ডল (২৬) এবং তার দুই সহযোগী মো. আমজাদ (৭০) ও মো. মেহেদী হাসানকে (২৮) এক লাখ টাকা করে জরিমানা করেছে।”
ফারজানা হক বলেন, “একই অপরাধে আরেকটি প্রতিষ্ঠান ‘তাজমহল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর’ ব্যবস্থাপক মো. ফোরকান উদ্দিন (২১) ও তার সহযোগী মজিবুর রহমানকে (৫৬) ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমান ভেজাল জুস, বিস্কুট ও কেক জব্দ করা হয়েছে।”
