২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ আগুন

ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2024, 04:01 AM

Updated : 26 Aug 2026, 11:12 AM

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের একটি ভবনে গভীর রাতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট তা নেভানোর চেষ্টা করছে। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর মঙ্গলবার রাত ১ টা ৫২ মিনিটে পান তারা। দুই মিনিটের মধ্যে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। 

প্রথমে আটটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরো দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। 

আগুন লাগার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো সচিবালয় এলাকা। সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরাও পরে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে যোগ দেন।  

এদিকে সচিবালয়ে আগুন লাগার পর সেখানে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

কীভাবে ওই ভবনে আগুন লাগল, তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের উক্ত কর্মকর্তা।

রাত সাড়ে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।

সচিবালয়ের ৭ নম্বর ভবনের ১০টি তলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। 

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে সেখানে। 

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের কলাপসিবল গেইট কেটে ভেতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করছেন। ভবনের সিঁড়িতে হোস পাইপ থেকে ছোড়া পানির স্রোত বইছে। 

এদিকে সচিবালের কাছে আগুন নেভানোর কাজে নিয়োজিত একজন ফায়ার ফাইটার রাস্তা পার হতে যাওয়ার সময় ট্রাক চাপায় গুরুতর আহত হন। 

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে আনোয়ারুল ইসলাম জানান।