Published : 11 Mar 2026, 06:33 PM
ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আপেল মাহমুদকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী এ তথ্য দিয়েছেন।
গেল শুক্রবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা আপেল মাহমুদকে গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন শনিবার শাহবাগ থানার এসআই মো. তৌফিক হাসান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে আপেল মাহমুদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেদিনই তাকে কারাগারে পাঠানো হয়।
ওইদিনই তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই সহিদুর রহমান। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন বুধবার ধার্য করেন।
এদিন শুনানিকালে আপেল মাহমুদকে আদালতে হাজির করা হয়। তবে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
মামলায় অভিযোগ করা হয়, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে গোলাপশাহ মাজার সংলগ্ন মসজিদের প্রধান ফটকের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০/২৫ জন নেতাকর্মী একত্রিত হয়ে ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও উস্কানিমূলক স্লোগান’ দিচ্ছিলেন।
শাহবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে আসামিরা পালানোর চেষ্টা করেন। এসময় ধাওয়া করে আপেলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে বাকিরা পালিয়ে যায়।
মামলায় বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পলাতক আসামিদের নির্দেশে ও আর্থিক সহায়তায় তারা ‘নাশকতামূলক’ কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ‘আতঙ্ক’ সৃষ্টি ও সরকারের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন।
আগের খবর: