Published : 06 Aug 2026, 11:22 PM
সাবেক নৌ প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাতে ধানমন্ডির ‘মাহবুব ভবনে’ দোয়া মাহফিল হয়েছে।
অনুষ্ঠানে মাহবুব আলী খান জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয়। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর।
দোয়া মাহফিলে মাহবুব আলী খানের সহধর্মিণী সৈয়দা ইকবাল মান্দ বানু, তার দুই মেয়ে শাহিনা খান জামান, জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিথি, তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান উপস্থিত ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, মাহবুব আলী খানের বড় মেয়ের স্বামী সৈয়দ শফিউজ্জামান ও নিকট স্বজনরা দোয়া মাহফিলে অংশ নেন।
বিমানমন্ত্রী আফরোজা খানম রীতা, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনসহ নারী এমপিরাও অংশ নেন।
মাহবুব ভবনের সামনে আঙিনায় এ অনুষ্ঠানে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মুক্তাদির, জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলামও অংশগ্রহণ করেন।
এর আগে সকালে বনানী সামরিক কবরস্থানে মাহবুব আলীর কবর জিয়ারত করেন তার পরিবারের সদস্যরা। নৌ বাহিনীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
১৯৭৯ সালে মাহবুব আলী খান নৌ বাহিনীর দায়িত্ব পান। পরে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৪ সালের ৬ অগাস্ট মাহবুব আলী খান প্রয়াত হন।