২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চুরি’ করতে গিয়ে ধরা, মারধরের পর তরুণের মৃত্যু

“ভবনের নিরাপত্তারক্ষী ও মিস্ত্রিরা তাকে ধরে বেঁধে রেখে মারধর করে,” বলছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2024, 07:23 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

ঢাকার মোহাম্মদপুরে নির্মাণাধীন একটি ভবনে ‘চুরি করতে গিয়ে’ ধরা পড়ার পর মারধরে আহত এক তরুণ মারা গেছে।

বুধবার রাতে মোহাম্মদপুরের বসিলায় এ ঘটনা ঘটে বলে মোহাম্মদপুর থানার পরিদর্শক মো. হাফিজুর রহমান জানিয়েছেন।

শাহরিয়ার আশিক নামে ২০ বছরের ওই তরুণ অটোরিকশা চালাতেন। তার বাড়ি শরীয়তপুরে। মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় থাকতেন।

পরিদর্শক হাফিজুর বলেন, “বসিলা ৪০ ফিট সড়ক এলাকার নির্মাণাধীন একটা বাসায় চুরি করতে ঢুকেছিল আশিক। পরে ওই ভবনের নিরাপত্তারক্ষী ও মিস্ত্রিরা তাকে ধরে ফেলে এবং বেঁধে মারধর করে।

“বৃহস্পতিবার সকালে বাবা-মাকে ডেকে তাদের হাতে আশিককে বুঝিয়ে দেয় তারা। এরপর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।”

শাহরিয়ার আশিকের বাবা ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর সাড়ে ৫টার দিকে খবর পাই। এরপর ছেলেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

এ ঘটনায় ওই ভবন থেকে ১৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পরিদর্শক হাফিজুর।