জিয়া উদ্যানে ঘুরতে গিয়ে নিজের শরীরে ব্লেড চালালেন যুবক
ওই যুবকের সঙ্গে ঘটনার সময় কেউ ছিল না। তবে কেন তিনি এমনটি করেছেন সে বিষয়েও নিশ্চিত নয় পুলিশ।
ঈদের দিন রাজধানীর জিয়া উদ্যানে ঘুরতে গিয়ে নিজের শরীরে ব্লেড চালিয়ে ক্ষতবিক্ষত করেছেন এক যুবক।
আব্দুল কাদের খান নামে ৩২ বছর বয়সি ওই যুবকের গ্রামের বাড়ি কুমিল্লায়।
শনিবার বেলা পৌনে ৪টার দিকে জনসম্মুখে এ ঘটনাকে ওই যুবকের ‘আত্মহত্যার চেষ্টা’ বলেছেন শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ বলছে, জিয়া উদ্যানে ঘুরতে এসে ওই যুবক মাজারে উঠে ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পোচ দিতে থাকে। পরে সেখানে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ওই যুবকের সঙ্গে ঘটনার সময় কেউ ছিল না। তবে কেন তিনি এমনটি করেছেন সে বিষয়েও নিশ্চিত নয় পুলিশ।
ওসি বলেন, “ওই যুবক হাতসহ শরীরের বিভিন্ন স্থানে পোচ দিয়েছে। এমনকি গলায় পোচ দেওয়ার চেষ্টাও করেছিল।”
তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনো কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার কথা বলেন ওসি।
