২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবৈধ সম্পদ’: হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

ফৌজিয়ার বিরুদ্ধে অভিযোগ, ‘পারস্পরিক যোগসাজশে’ তিনি ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 08:22 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

এছাড়া এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ের কাছে সম্পদের হিসাব চেয়ে নোটিশও পাঠিয়েছে সংস্থাটি।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে মামলা করার বিষয়টি জানান কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

হানিফের বিরুদ্ধে মামলা হয়েছে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১-এ। এতে বাদী হয়েছেন দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম। আরেকটি মামলায় বাদী হয়েছেন উপসহকারী পরিচালক সুবিমল চাকমা।

হানিফের বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে, তিনি ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ’ অর্জন করেছেন। 

তার ১৮টি ব্যাংক হিসাবে ৮৬ কোটি ৬৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া কথাও বলছে দুদক।

আরেকটি মামলায় হানিফের সঙ্গে তার স্ত্রী ফৌজিয়া আলমকেও আসামি করা হয়েছে।

মামলায় ফৌজিয়ার বিরুদ্ধে অভিযোগ, পারস্পরিক যোগসাজশে তিনি ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার ১৬টি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও রয়েছে।