‘অপরিপক্ব’ তরুণ প্রজন্ম ভুল করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
“আমি মনে করি এরা আমাদের নতুন প্রজন্ম, এরা সঠিক পথে যাবে। তারপরেও কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে তারা যদি নেমেই আসে আমরা আমাদের কাজটি করব।”
আদালতের প্রক্রিয়াধীন কোটা ব্যবস্থা নিয়ে অপরিপক্ব কিছু শিক্ষার্থী আন্দোলনে নেমে ‘ভুল করেছে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের চলমান এই আন্দোলনে জানমালের ক্ষতি হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সরকারের এই মন্ত্রী।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন তিনি।
আন্দোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে কী না প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলা সঠিকভাবেই আছে। তারা চলছে, আপনারা চলছেন, সবই চলছে। তারা (আন্দোলনকারীরা) জায়গায় জায়গায় বিক্ষিপ্ত কিছু কাজ করতে গিয়ে ভুল করছে। আমি সবসময় বলছি এরা ভুল করছে। ছাত্রদের মধ্যে অনেকে পরিপক্ব হয়েছে, অনেকে এখনো পরিপক্ব হয়নি।
“যারা ঘোলা পানিতে মাছ শিকার করে পারদর্শী তারা এদের পেছনে লেগে গেছেন। বিএনপি ও জামায়াত যারা নির্বাচনে আসেনা তারাও এর পেছনে ইন্ধন দিতে পারে। কিন্তু আমি মনে করি, এরা আমাদের নতুন প্রজন্ম, এরা সঠিক পথে যাবে। তারপরেও কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে তারা যদি নেমেই আসে আমরা আমাদের কাজটি করব।”
আন্দোলনকারীদের উদ্দেশে আসাদুজ্জামান খান কামাল বলেন, “তারা সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোর্টে গিয়ে কথা বলতে পারেন। এইসব খোলা রাস্তায় না হেঁটে রাস্তা অবরোধে যাওয়া তাদের জন্য ভালো হয়নি। কোটা নিয়ে হাই কোর্টের রায়ের ব্যাপারে যারা সংক্ষুব্ধ বা যাদের আপত্তি রয়েছে তারা যেন কোর্টে এসে তাদের কথা জানান।
“কোর্টের রায়ে একদম স্পষ্ট করে যেখানে বলে দেয়া হয়েছে, সেখানে আমার মনে হয় আমাদের ছাত্রদের একটু অপেক্ষা করা উচিত ছিল। কিন্তু সেটা না করে তারা নানান ধরনের প্রোগ্রাম দিচ্ছে রাস্তা অবরোধ করছে। এগুলো করলে তো সবাই ভুক্তভোগী হয়ে যায় একজন চিকিৎসা সেবা নিতে আসা লোকও সেবা পান না। সেজন্য আমরা বলে আসছিলাম যা কিছু আবেদন নিবেদন এটা যেন নিয়মতান্ত্রিকতার মধ্যেই থাকে।"
আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ নিয়ে তিনি বলেন, “আমি ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন এই ধরনের শব্দ বলতে চাই না। আমি মনে করি ছাত্ররা এসব করছে। একদল পক্ষে রয়েছে আরেক দল বিপক্ষে রয়েছে, এমনটি হতে পারে। আমাদের পুলিশ বাহিনী অথবা কোন শান্তিরক্ষা বাহিনী কোথাও প্রবেশ করছে না। ছাত্রদের মধ্যে মতবিরোধ সবসময় ছিল, এটা হতেই পারে থাকতেই পারে।
“ ছাত্ররা কখনোই একমত হতে পারে না, তাদের মধ্যে মতবিরোধ হয় মতবিরোধ থেকে বাকবিতণ্ডা, মারামারি হয়। আমাদের বলার বিষয় হচ্ছে তারা যেন নিয়মতান্ত্রিকভাবে কাউকে কষ্ট না দিয়ে তাদের কথাগুলো বলে।”
সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে গত ১৪ জুলাই। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ ২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। তবে আপিল বিভাগের স্থিতাবস্থা থাকায় আগামী ৭ অগাস্ট পর্যন্ত হাই কোর্টের রায় কার্যকর হবে না।
রায়ে বলা হয়েছে, “২০১২ সালে করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাই কোর্টের দেওয়া রায় ও আদেশ, ২০১৩ সালের লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ কর্তৃক তা বহাল ও সংশোধিত আদেশ এবং ২০১১ সালের ১৬ জানুয়ারির অফিস আদেশের (মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনির কোটা) আলোকে মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করতে সরকারকে নির্দেশ দেওয়া হলো।
“একইসঙ্গে জেলা, নারী, প্রতিবন্ধী, উপজাতি-ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটাসহ, যদি অন্যান্য থাকে, কোটা বজায় রাখতে নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে যত দ্রুত সম্ভব, আদেশ পাওয়ার তিন মাসের মধ্যে পরিপত্র জারি করতে নির্দেশ দেওয়া হলো।”
২০১৮ সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাই কোর্ট অবৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা দুই সপ্তাহ ধরে টানা আন্দোলন চালিয়ে আসছে।
এর মধ্যে রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এক বক্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরদিন সোমবার ক্যাম্পাসে ব্যাপক সংঘর্ষ হয়। এর প্রতিবাদে মঙ্গলবারও কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।
এদিন ক্যাম্পাসে কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও দুপুর থেকে ঢাকার বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
