সংঘবদ্ধ অপপ্রচার: কূটনীতিকদের কাছে পরিস্থিতি তুলে ধরছেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশি কূটনীতিক মিশনগুলোর প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে জোর দিয়েছেন।
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়ে ‘সংঘবদ্ধ অপপ্রচারের’ যে অভিযোগ অন্তর্বর্তী সরকার করে আসছে, সে বিষয়ে কূটনীতিকদের জানাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সোমবার বিকাল ৩টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মায়’ এ ব্রিফিং শুরু হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বাংলাদেশে বিদেশি কূটনীতিক মিশনগুলোর প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের এতে আমন্ত্রণ জানানো হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম সরব রয়েছে।
গত মঙ্গলবার বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও জামিন না দেওয়ার ঘটনা নিয়ে দিল্লির উদ্বেগ প্রকাশ এবং এর প্রতিক্রিয়ায় ঢাকার কড়া ভাষায় জবাব দেওয়ারও ঘটনা ঘটেছে।
চিন্ময় দাশকে গ্রেপ্তারের পরদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিষয়টি তারা ‘গভীর উদ্বেগের সঙ্গে’ দেখছে।
এ বিবৃতির কয়েক ঘণ্টা পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টায় ভারত সরকারের বিবৃতিকে ‘ভিত্তিহীন’ হিসেবে তুলে ধরে বলে, বাংলাদেশ সরকার মনে করছে, এই ধরনের বিবৃতি কেবল তথ্যের ভুল উপস্থাপনই নয়, বরং দুইপ্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার যে মেজাজ, সেটারও পরিপন্থি।
দিল্লির আহ্বানের বিপরীতে ঢাকা বলেছে, “দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেও বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
রোববার ঢাকায় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনায় যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশকে নিয়ে শুধু ভারতেই নয়, সারাবিশ্বে ‘সংঘবদ্ধ অপপ্রচারের’ অভিযোগ তোলেন।
ওই বক্তব্যে তিনি বলেন, এটি বাংলাদেশ বা ভারত- কারও জন্য ভালো হবে না। যারা উগ্রতা চায়, তাদের জন্যই ‘সহায়ক’ হবে।
