২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব হজযাত্রীর ভিসা নিশ্চিত করতে সৌদির প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বিভিন্ন জটিলতায় এখনো সৌদি আরবের ভিসা পাননি ১০ হাজারের বেশি বাংলাদেশি।

সব হজযাত্রীর ভিসা নিশ্চিত করতে সৌদির প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। ছবি: পিএমও

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2024, 07:44 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

হজ পালনে আগ্রহী যেসব বাংলাদেশি এখনও সৌদি আরবের ভিসা পাননি, অনুমোদনের সময় বাড়িয়ে তাদের ভিসা নিশ্চিত করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, সৌদি আরবের উচিত বাংলাদেশি হজযাত্রীদের জন্য ভিসা অনুমোদনের সময় বাড়ানো, যাতে তারা পবিত্র হজ পালন করতে পারেন।

“জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেন, ভিসা না পাওয়া হজযাত্রীদের জন্য ভিসা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন তিনি।”

বাসসের প্রতিবেদনে বলা হচ্ছে, বিভিন্ন জটিলতায় ১০ হাজারের বেশি বাংলাদেশি এখনও সৌদি আরবের ভিসা পাননি।

ব্রিফিংয়ে নজরুল ইসলাম জানান, বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে কিছু সৌদি বিনিয়োগকারী ও কোম্পানির আগ্রহের কথা প্রধানমন্ত্রীকে বলেন আল দুহাইলান। সেসব প্রকল্পের একটি তালিকাও প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন তিনি।

এ বিষয়ে যাচাই-বাছাই এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে বাংলাদেশ পরবর্তী পদক্ষেপ নেবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ বিষয়টি খতিয়ে দেখবে বলে সৌদি রাষ্ট্রদূতকে আশ্বাস দেন সরকারপ্রধান শেখ হাসিনা।

সাক্ষাতের সময় ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সবশেষ অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য আরেকটি চালান প্রস্তুত করছে। এরই মধ্যে বাংলাদেশ দুইবার সহায়তা পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র এবং তাদের কয়েকটি মিত্র ছাড়া পুরো বিশ্ব ফিলিস্তিনের সঙ্গে রয়েছে।

রাষ্ট্রদূত আল দুহাইলান প্রধানমন্ত্রীকে বলেন, সৌদি আরবে প্রায় ৩২ লাখ বাংলাদেশি রয়েছেন, যারা দুই দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বৈধ পন্থায় ঢাকায় রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার পদক্ষেপ নিতে তার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।