১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিল্পাচার্য জয়নুলের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2025, 09:44 PM

Updated : 26 Aug 2026, 12:35 PM

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর শান্তি নগরের বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার ছেলে ময়নুল আবেদিন।

তিনি বলেন, মা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

১৯৪৬ সালে জয়নুল আবেদিন ও জাহানারা বিয়ে করেন। শিল্পাচার্য ১৯৭৬ সালে মারা যান। সেই থেকে স্বামীর স্মৃতিজড়িত শান্তি নগরের বাড়িতে বাস করছিলেন জাহানারা।

ময়নুল আবেদিন বলেন, "আমার মেঝ ভাই অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন। তিনি আসার পর রোববার দুপুরে মিরপুরের বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে। মরদেহ এখন বারডেম হাসপাতালের হিমঘরে রাখা আছে।"

শ্রদ্ধা নিবেদনের জন্য জাহানারা আবেদিনের মরদেহ রোববার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নেওয়া হবে। এরপর জোহর নামাজের পর ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।