২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মমতার সঙ্গে বাংলাদেশের হাই কমিশনারের সাক্ষাৎ

ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারের এ সাক্ষাৎ ছিল সাম্প্রতিক সময়ে দেশটির কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ।

মমতার সঙ্গে বাংলাদেশের হাই কমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ সোমবার কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, কলকাতা

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 10:01 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।

বাসস জানায়, সোমবার কলকাতায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রশাসনিক সদরদপ্তর ‘নবান্ন’ ভবনে তাদের বৈঠক হয়। 

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অত্যন্ত উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে’ এই সাক্ষাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনগণের মধ্যে বিদ্যমান ‘ঐতিহাসিক ও দীর্ঘদিনের সম্পর্ক’ আরও গভীর ও জোরদার করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারের এ সাক্ষাৎ ছিল সাম্প্রতিক সময়ে দেশটির কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ।

এর আগে গত ২৯ মে হাই কমিশনার ভারতের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

সাক্ষাৎকালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে ভাষাগত, সাংস্কৃতিক ও ‘অভিন্ন মূল্যবোধভিত্তিক যে গভীর বন্ধন’ রয়েছে, তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের গণ্ডি অতিক্রম করে গেছে।

তিনি আগামী দিনগুলোতেও বাংলাদেশের সাথে অব্যাহত সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।