আরো চার পুলিশ কর্মকর্তার চাকরি গেল
এ নিয়ে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার।
ক্ষমতার পট পরিবর্তনে পুলিশের শীর্ষ পদে রদবদলের বাধাবাহিকতায় এবার দুই অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি), একজন ডিআইজি এবং একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।
তাদের মধ্যে অতিরিক্ত আইজি খন্দকার লুৎফুল কবির সদর দপ্তরে এবং মীর রেজাউল আলম ট্যুরিস্ট পুলিশে দায়িত্ব পালন করে আসছিলেন।
ডিআইজি মো. ইমাম হোসেন ছিলেন সিআইডিতে। আর অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির নোয়াখালি পুলিশ ট্রেনিং সেন্টারে দায়িত্বরত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার চারটি আলাদা প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানায়।
এ নিয়ে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার। তাদের মধ্যে নয়জন অতিরিক্ত আইজি, ছয়জন ডিআইজি এবং দুইজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা।
সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে সরকার যে কোনো সময় ‘জনস্বার্থে এবং প্রয়োজনীয় মনে করলে’ কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অবসর দিতে পারে।
লুৎফুল কবির এবং মীর রেজাউল আলম সরকারি চাকরিতে ২৯ বছর পূর্ণ করেছেন। মো. ইমাম হোসেনের ২৫ বছর এবং চৌধুরী মঞ্জুরুল কবিরের ২৬ বছর হয়েছে চাকরির বয়স।
