১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দশম গ্রেডে বেতন দাবি: মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

“৪ ডিসেম্বর থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান শাটডাউন ঘোষণা করা হবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 12:47 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

দশম গ্রেডে বেতনের দাবিতে বিক্ষোভ দেখিয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।

দাবি আদায় না হলে আগামী ৪ ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের মাধ্যমে সব ‘হাসপাতাল শাটডাউন’ ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা এ কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। 

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

পরিষদের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত তুষার আহমেদ নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দীর্ঘ ৩১ বছর দশম গ্রেডে বেতনের দাবি জানলেও তা বাস্তবায়ন হয়নি। তাই ২৫ নভেম্বর সংবাদ সম্মেলন করে আমরা ২৬-২৯ বরের মধ্যে দাবি যাওয়া মেনে নিতে সরকারকে সময় দিয়েছিলাম। কিন্তু দাবি বাস্তবায়ন না করায় আমরা রোববার সব হাসপাতালে সকাল ৯টা থেকে ১১টা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। ”

তিনি বলেছেন সামনে কর্মবিরতির সময় বাড়বে। সোমবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছেন নিলয়।

তিনি বলেন, “এর মধ্যেও যদি আমাদের দাবি আদায় না হয় তবে ৪ ডিসেম্বর থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান শাটডাউন ঘোষণা করা হবে।”