Published : 26 Oct 2023, 10:01 PM
সাড়ে চার ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা যায়নি রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে লাগা আগুন।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে আগুন লাগার পর থেকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট টানা কাজ করে যাচ্ছে। রাত সাড়ে ৯টার সময়ও আগুন নিয়ন্ত্রণের তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কর্মকর্তার বলছেন, রাত ৯টা পর্যন্ত তারা ভবনটি থেকে আটজনকে জীবিত উদ্ধার করেছেন।
তবে ভেতরে আর কেউ আটকা আছেন কিনা সে ব্যাপারে কোনো তথ্য তারা জানাতে পারেনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান শিকদার রাত সাড়ে ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ভেতরে এখনো আগুন জ্বলছে।”

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, তাদের দুইটি ল্যাডারসহ টিটিএল (সিঁড়িযুক্ত উদ্ধারকারী গাড়ী) দিয়ে কাজ করছে। ভবনের গ্লাস ভাঙা হচ্ছে, ভেতরে কেউ আটকে আছে কিনা তা দেখা হচ্ছে, সেই সঙ্গে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের কাজ চলছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মহাখালি আমতলী সংলগ্ন খাজা টাওয়ারে ১৪ তলা ভবনের ১৩ তলায় আগুন লাগে।
এদিকে এই ঘটনায় হাসনা হেনা নামের এক নারী ভবনটির নবম তলা থেকে নামতে গিয়ে উপর থেকে পড়ে মারা গেছেন।
আগুন লাগার কারণে আমতলী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। উৎসুক জনতার ভীড় সামাল দিচ্ছে পুলিশ-আনসার। এছাড়া তারা ফায়ার সার্ভিসকে সহায়তায় সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদসরাও কাজ করছেন।