০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়া যেতে আগ্রহীদের ‘অবৈধ’ মেডিকেল পরীক্ষা, ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ‘গুরুতর অনিয়ম’ পায় ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 02:27 PM

Updated : 02 Oct 2026, 02:27 PM

সরকারি কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে মালয়েশিয়া যেতে আগ্রহী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল টেস্ট) ও রিপোর্ট দেওয়ার অভিযোগে ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ‘গুরুতর অনিয়ম’ পায় ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই অভিযানের খবর জানানো হয়।

সেখানে বলা হয়, প্রতিষ্ঠানটির নিজস্ব ডেটাবেস পর্যালোচনা করে নির্বাহী হাকিম দেখতে পান, গত ২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৪ জন মালয়েশিয়া যেতে আগ্রহী ব্যক্তির মেডিকেল টেস্ট করে রিপোর্ট দেওয়া হয়েছে; যার কোনো সরকারি অনুমতি তাদের ছিল না।

এছাড়া একই ভবনে ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’-এর সাইনবোর্ডের পাশাপাশি ‘সামিহা ডায়াগনস্টিক সেন্টার’ নামে আরেক প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে ‘প্রতারণামূলক কার্যক্রম চালানোর’ প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

‘জনস্বার্থে ও বৈদেশিক কর্মসংস্থান খাতের শৃঙ্খলা রক্ষায়’ ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “বৈদেশিক কর্মসংস্থান খাতে যে কোনো ধরনের অনিয়ম, প্রতারণা এবং অনুমোদনহীন কার্যক্রমের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মালয়েশিয়াগামী কর্মীদের নিয়ে কোনো প্রতিষ্ঠানকে প্রতারণার সুযোগ দেওয়া হবে না।”

মন্ত্রী বলেন, “যেসব প্রতিষ্ঠান ভুয়া বা প্রতারণামূলকভাবে বিদেশগামীদের মেডিকেল রিপোর্ট দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কর্মীদের স্বার্থ রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে এ ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে।”

পুরানো খবর:

মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা