মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা
বিদেশগামী ব্যক্তিদের কাছ থেকে জমা নেওয়া তিন বক্স পাসপোর্ট জব্দের কথাও জানিয়েছে মন্ত্রণালয়।
অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় ‘ত্রিপল এ ওভারসিজ’ (আরএল-২৬৩০) নামে একটি রিক্রুটিং এজেন্সি সিলগালা করে দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী হাকিমের নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ পদক্ষেপ নেওয়া হয়।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানকালে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় সিলগালার পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিদেশগামী সাধারণ কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে জমা নেওয়া তিন বক্স পাসপোর্ট জব্দ করে বিএমইটির জিম্মায় নেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “বিদেশগামী মেহনতি কর্মী ও প্রবাসীদের স্বার্থরক্ষা আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। কোনো অবস্থাতেই কোনো অসাধু বা অবৈধ রিক্রুটিং এজেন্সিকে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করতে দেওয়া হবে না।
“যারা নিয়ম অমান্য করবে এবং প্রবাসীদের জিম্মি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।”
জব্দ পাসপোর্টগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া এবং সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
দীর্ঘ দিন বন্ধ থাকার পর বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
দেশটির বিদেশি কর্মী নিয়োগকারী প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস বোয়েসেলসহ ৩৩৮টি এজেন্সিকে তালিকাভূক্ত করেছে।
তবে জনশক্তি রপ্তানিকারী প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বায়রার নেতারা শুরু থেকেই এ তালিকা নিয়ে সিন্ডিকেটের অভিযোগ করে আপত্তি জানিয়ে আসছিলেন।
এমন পরিস্থিতির মধ্যেই বেশ কিছু এজেন্সি অনইলাইনে এবং অফলাইনে মালয়েশিয়ার ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল।
এর মধ্যে ‘ত্রিপল এ ওভারসিজের’ বিরুদ্ধে ব্যবস্থা নিল বিএমইটি।
পুরনো খবর-
