হাসপাতালের লিফটের ফোকরে দু'দিন পড়ে ছিল রোগীর লাশ
দরজা খুলে গেলেও লিফটটি ওপরে চলে যায়, এসময় কালাম বেপারী লিফটে ওঠার জন্য পা রাখতেই নিচে পড়ে যান।
লিফটের ফোকরে দুই দিন পড়ে থাকার পর ঢাকার মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে এক রোগীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৬০ বছর বয়সী কালাম বেপারী ওই হাসপাতালের নবম তলার ৫ নম্বর ওয়ার্ডের ৩৪ নম্বর বেডে ভর্তি ছিলেন। গত বৃহস্পতিবার ভোরে লিফটে উঠতে গিয়ে তিনি নিচে পড়ে যান বলে জানায় পুলিশ।
বনানী থানার ওসি নূরে আজম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুদিন পর তার ছেলে এসে পুলিশকে জানালে সিসি ক্যামেরার ভিডিও দেখে লিফটের ফোঁকর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, “সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় তিনি লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে যান।”
ছেলে রিয়াদ বেপারী জানান, পাকস্থলীর ক্যান্সার নিয়ে তার বাবাকে গত ২৯ আগস্ট ওই হাসপাতালে ভর্তি করান। এক দফা কেমোথেরাপির পর তিনি মোটামুটি সুস্থ হয়ে উঠছিলেন।
শনিবার তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। সেজন্য কিছু প্রস্তুতির প্রয়োজনে বাবাকে হাসপাতালে রেখে বুধবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে যান রিয়াদ।
রিয়াদ বলেন, “শনিবার ভোর বেলায় হাসপাতালের বেডে এসে বাবাকে পাইনি। এরপর আশপাশের বেডের রোগীদের জিজ্ঞেস করলে তারাও কিছু বলতে পারেনি।”
হাসপাতাল কর্তৃপক্ষের কেউ বিষয়টি নিয়ে কিছু জানাতে না পারায় তিনি পুলিশকে জানান। এরপর বনানী থানার পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করে।
সেখানে দেখা যায় বৃহস্পতিবার সকাল ৭টা ৩২ মিনিটে রোগী কালাম বেপারী নিচে যাওয়ার জন্য লিফটের বাটন টিপে অপেক্ষা করছিলেন। এসময় লিফটের দরজা খুলে গেলেও লিফটটি ওপরে চলে যায়।
আর কালাম বেপারী লিফটে ওঠার জন্য পা রাখতেই নিচে পড়ে যান। এর পর দুদিন তার লাশটি ওই লিফটের ফোকরেই পড়ে ছিল।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান বনানী থানার ওসি নূরে আজম।
