১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে সাত দিনের রিমান্ডে চায় সিআইডি

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান সোমবার রিমান্ড চেয়ে আবেদন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 12:13 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান সোমবার রিমান্ড চেয়ে আবেদন করেন।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে তিনি বলেন, “তৌহিদ আফ্রিদির সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।”

বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে রোববার রাতে সিআাইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে। 

বরিশাল মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “ঢাকা থেকে আসা সিআইডির সদস্যরা আমাদের সহায়তায় তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন।

 “তৌহিদের অবস্থান তথ্যপ্রযুক্তির সহায়তায় বের করা হয়।”

বরিশালের কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, বাংলা বাজার এলাকার পপুলার ডায়গনষ্টিক ল্যাবের পাশের একটি ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণী অনুযায়ী, গত বছরের ৫ অগাস্টে যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন আসাদুল। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত বছরের ৩০ অগাস্টে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়।

মামলায় আসামির তালিকায় বাবা-ছেলে নাসির উদ্দিন ও তৌহিদ আফ্রিদির নামও রয়েছে।

রোববার গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে শনিবার কারাগারে পাঠানো হয় তাকে।