২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ে সুজন হত্যা: অভিযোগপত্রে হাসিনা-কাদেরসহ ৩২ আসামি, শুনানি বুধবার

“আমার ভাইকে মেরে ফেলল, তাকে তো আর ফেরত পাব না। যেহেতু মামলার অভিযোগপত্র দিয়েছে, আইন অনুযায়ী আসামিদের বিচার চাই,” বলেন মামলার বাদী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 11:58 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরের বছিলা এলাকায় ট্রাকচালক সুজন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান গত ১১ মার্চ অভিযোগপত্র জমা পড়ার তথ্য দিয়ে বলেন, আগামী ৮ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে।

অভিযোগপত্রে অন্য আসামির মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক এমপি সাদেক খান, সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজিব, আসিফ আহম্মেদ সরকার ও সলিমউল্লাহ সলু।

তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেররিজম ইউনিটের ইন্সপেক্টর শংকর কুমার ঘোষ অভিযোগপত্র জমা দেন। সেখানে এজাহারনামীয় ৪৭ আসামিসহ নাম না জানা ৪৫০-৫০০ জনের প্রকৃত ও সঠিক নাম-ঠিকানা সংগ্রহ করতে না পারায় তাদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।

অব্যাহতির সুপারিশ পাওয়াদের মধ্যে রয়েছেন- মাহবুবুল আলম, আলম হোসেন, আরিফ, ফাহিম খান, রিয়াজ মাহমুদ, নজরুল ইসলাম, পীযূষ বাবু, মাসুদ ওরফে কালা মাসুদ, দেলোয়ার, বশির মোল্লা।

মামলার তদন্তে উঠে এসেছে, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদেরসহ অন্যান্য আসামির পরিকল্পনা, হুকুম ও নির্দেশে শিক্ষার্থীদের ‘নিধনের ঘোষণা’ আসে। আর তা ‘বাস্তবায়ন করেন’ তারিকুজ্জামান রাজিব, আসিফ আহম্মেদ সরকার, সলিমউল্লাহ সলুসহ অন্যরা।

অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা শংকর কুমার বলেন, “শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে আসামিরা শিক্ষার্থীদের নিধনের ঘোষণা দিলে তারিকুজ্জামান রাজীব, আসিফ আহমেদসহ অন্যরা ২০ জুলাই রাত ৮টার দিকে মোহাম্মদপুরের বসিলার তিন রাস্তার মোড়ে শান্তিপূর্ণ মিছিলে দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়, গুলিবর্ষণ করে।”

তিনি বলেন, সুজন পেশায় একজন ট্রাকচালক। তিনি তার ট্রাক মোহাম্মদপুর বেড়িবাঁধের লাওতলায় পার্কিংয়ে রাখার জন্য সন্ধ্যায় বাসা থেকে বের হন। পরে তিন রাস্তার মোড়ে গিয়ে গুলিবিদ্ধ হন। চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সুজনের ভাই রফিকুল ইসলাম ২০২৪ সালের ২২ অগাস্ট মামলা করেন। সেখানে ৭৯ জনের নাম তুলে ধরে নাম না জানা সাড়ে ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করেন।

রফিকুল বলেন, “আমার ভাইকে মেরে ফেলল, তাকে তো আর ফেরত পাব না। যেহেতু মামলার অভিযোগপত্র দিয়েছে, আইন অনুযায়ী আসামিদের বিচার চাই।”

সুজন যখন মারা যান, তখন তার ছেলে শুভর বয়স দুই বছর। ছেলেটির বয়স এখন প্রায় চার বছর। থাকছে চাচার কাছেই।

রফিকুল বলেন, “মা-বাবা, শুভ আর শুভর মা আমার সঙ্গেই থাকে। বাবার কথা মাঝে মধ্যে বলে শুভ। এ কথা ও কথা দিয়ে আদর-ভালোবাসা দিয়ে ভুলিয়ে ফেলি।”

মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী চা দোকানদার মো. নিজাম বলেন, “আমরা পাশাপাশি দোকানদারি করতাম। সুজন তার ভাইকে আখের রসের দোকানে সাহায্য করত। আন্দোলনের সময় আমরা এক জায়গায় ছিলাম। পুলিশ ও আন্দোলনবিরোধীদের ধাওয়াতে দুইজন দুই দিকে চলে যাই। পরে তো সুজন গুলিতে মারা গেল। খুব আফসোস হয়। দীর্ঘদিন একসঙ্গে চলেছি আমরা।”