ঈদুল আজহা: মোদীর শুভেচ্ছা, তারেকের ধন্যবাদ
শুভেচ্ছাবার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের সরকারপ্রধান।
ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার এক খবরে বাসস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যে জনকল্যাণমুখী সহযোগিতা আরও জোরদারের বিষয়ে নয়াদিল্লির অঙ্গিকার পুনর্ব্যক্ত করেন।
ঢাকায় ভারতের হাই কমিশনের বরাত দিয়ে খবরে বলা হয়, বার্তায় মোদী বাংলাদেশের ‘ভাতৃপ্রতিম জনগণকে’ ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। বার্তায় তিনি লেখেন, “এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতের কোটি কোটি মুসলমান অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব উদযাপন করছেন।
“ঈদুল আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের শাশ্বত আদর্শকে সমুন্নত রাখে, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তোলার জন্য অত্যন্ত অপরিহার্য।”
ভারতের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের কথা তুলে ধরে বলেন, “যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পারস্পরিক আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে ভারত ও বাংলাদেশের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে উঠেছে।
“বিভিন্ন ক্ষেত্রে জনমুখী পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।”
মোদী আশা প্রকাশ করে বলেন, দ্বিপক্ষীয় অভিন্ন উন্নয়নের লক্ষ্য ও ভাবনা দুই দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে।
নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা এবং বাংলাদেশের জনগণের নিরবচ্ছিন্ন অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পোস্টে এক বার্তায় তারেক রহমান বলেন, “ঈদুল আজহা উপলক্ষে আমাকে ও বাংলাদেশের মানুষকে আন্তরিক শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সদিচ্ছার ভিত্তিতে বাংলাদেশ এবং ভারতের মানুষের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হোক।”
