১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এজলাসে ঢোকার আগে বারান্দায় আসামির মৃত্যু

পাঁচ বছর আগে করা একটি জালিয়াতির মামলায় হাজিরা দিতে আদালতে আসেন জাকির। আদালতের বারান্দায় অসুস্থ হয়ে বসে পড়েন, কিছুক্ষণের মধ্যেই মারা যান।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 02:05 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

এজলাসে ঢোকার আগে আদালতের বারান্দায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক আসামি। তার নাম জাকির হোসেন।

রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বারান্দায় ঘটনাটি ঘটে। 

বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল।

পাঁচ বছর আগে করা একটি জালিয়াতির মামলায় হাজিরা দিতে বেলা সাড়ে ১১ টায় আদালতে আসেন জাকির। আদালতের বারান্দায় এসে তার আইনজীবী আল মামুনের কাছে থাকা হাজিরার কাগজে টিপসই দেন তিনি।

টিপ সই দেওয়ার পরেই বারান্দায় অসুস্থ হয়ে বসে পড়েন তিনি। সঙ্গে থাকা লোকজন কিছু বুঝে ওঠার আগেই মারা যান তিনি।

পরে জাকিরের মরদেহ তার কেরানীগঞ্জের বন্দ ডাকপাড়া গ্রামে তার বাড়িতে নিয়ে যান স্বজনরা।

তিনি ওই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

জাকিরের আইনজীবী সুলতান নাসের জানান, তিনি আগে থেকেই রোগাক্রান্ত ছিলেন। কয়েকদিন আগে তিনি স্ট্রোকও করেছিলেন।

জাল জালিয়াতির অভিযোগে জাকির ও তার ভাই বোনদের আসামি করে ২০১৯ সালে মামলাটি করেছিলেন জনৈকা রহিমা খাতুন।

এদিন আসামির আত্মপক্ষ সমর্থনের তারিখ ছিল। নিয়ম অনুযায়ী এর পর যুক্তিতর্ক হওয়ার কথা। এরপর রায় ঘোষণার তারিখ জানাতেন বিচারক।

এ মামলায় জাকিরের বিরুদ্ধে বাদীপক্ষে সাক্ষ্য দিয়েছেন তিন জন। কিন্তু সব বিচারের ঊর্ধ্বে চলে গেলেন তিনি।